দরকারি কিছুই নেই, আছে মশা, অবৈধ অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র

নিষেধাজ্ঞার পরও চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। ছবিটি লালবাগ কেল্লার মোড় এলাকা থেকে তোলা
নিষেধাজ্ঞার পরও চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। ছবিটি লালবাগ কেল্লার মোড় এলাকা থেকে তোলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৫ নম্বর ওয়ার্ডে লক্ষাধিক লোকের বাস। অথচ নাগরিকদের জন্য সিটি করপোরেশনের কাঁচাবাজার, কমিউনিটি সেন্টার, ব্যায়ামাগার, গ্রন্থাগার, পার্ক-মাঠ নেই, নগর স্বাস্থ্যকেন্দ্র—কিছুই নেই। আছে বিশুদ্ধ পানি ও গ্যাস-সংকট এবং মশার উপদ্রব। প্রতিটি সড়কে প্রচুর ব্যাটারিচালিত অটোরিকশা আর নিত্য দুর্ঘটনা।

পুরান ঢাকার লালবাগ রোড, জগন্নাথ সাহা রোড, কাজী রিয়াজুদ্দিন রোড, নগর বেলতলী লেন, লালবাগ দুর্গ এবং পুষ্পরাজ সাহা রোড, শেখ সাহেব বাজার, আতশ খান লেন, রাজশ্রী নাথ স্ট্রিট, হরমোহন শীল স্ট্রিট, গঙ্গারাম রাজার লেন, সুবল দাস রোড এলাকা নিয়ে ডিএসসিসির এই ওয়ার্ড গঠিত। গতকাল বুধবার এই এলাকাগুলো ঘুরে এবং স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে এ চিত্র দেখা গেছে। এসব এলাকায় প্রায় ২১ হাজার ভোটার রয়েছেন।

ডিএসসিসির ২৫ নম্বর ওয়ার্ডে কাঁচাবাজার, কমিউনিটি সেন্টার ও নগর স্বাস্থ্যকেন্দ্র না থাকায় দুর্ভোগে আছেন এই ওয়ার্ডের বাসিন্দারা। জগন্নাথ সাহা রোডের বাসিন্দা শাহিনুর রহমান বলেন, এই ওয়ার্ডে কাঁচাবাজার ও কমিউনিটি সেন্টার নির্মাণ করার মতো অনেক খালি জায়গা আছে। কিন্তু সিটি করপোরেশন তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। অথচ সিটি করপোরেশনের নির্বাচনের আগে তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন কাউন্সিলর। তিনি বলেন, বর্তমানে তাঁরা এক থেকে দেড় কিলোমিটার দূরে পলাশী ও নবাবগঞ্জ কাঁচাবাজারে কেনাকাটা করতে যান। এতে সময় ও রিকশা ভাড়ার টাকা বেশি লাগে। এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হলে বেশি টাকা ব্যয়ে বেসরকারি কমিউনিটি ভাড়া করতে হয়। অবিলম্বে এই এলাকায় আধুনিক কমিউনিটি সেন্টারসহ অন্যান্য নাগরিক সেবার ব্যবস্থা করতে হবে।

দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন লালবাগ রোড, জগন্নাথ সাহা রোড, কাজী রিয়াজুদ্দিন রোড, নগর বেলতলী লেন, লালবাগ দূর্গ এবং পুষ্পরাজ সাহা রোড, শেখ সাহেব বাজার, আতশ খান লেন, রাজশ্রী নাথ স্ট্রিট, হরমোহন শীল স্ট্রিট, গঙ্গারাম রাজার লেন, সুবল দাস রোড এলাকার বাসিন্দারা। নগর বেলতলী লেনের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, এই এলাকায় ওয়াসার পানির লাইন অনেক পুরোনো। বিভিন্ন স্থানে পয়োনালার সঙ্গে পানির লাইন এক হয়ে গেছে। এতে বাসাবাড়িতে পানি থেকে দুর্গন্ধ আসে। নিয়মিত পানিও পাওয়া যায় না।

ওই এলাকাগুলোতে তিন বছর ধরে গ্যাসের সমস্যাও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুষ্পরাজ সাহা রোডের বাসিন্দা খলিলুর রহমান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত এই এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকে। অনেক বাড়িতে গ্যাসই থাকে না। বিষয়টি তিতাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।

ডিএসসিসির ওই ওয়ার্ডে নিয়মিত মশার ওষুধ ছিটানো হয় না বলে অভিযোগ আছে। লালবাগ রোডের বাসিন্দা নাসির উদ্দিন বলেন, মাসে একবারও তাঁদের এলাকায় মশার ওষুধ ছিটানো হয় না। মশার উপদ্রব ব্যাপক। মশার কামড়ে মহল্লার মানুষ অতিষ্ঠ। তিনি বলেন, গত দুই মাসে মহল্লার অনেকেই চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। তাঁর পরিবারের দুজনেরও এই জ্বর হয়েছে। দিনে দিনে এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না ডিএসসিসি।

দেখা যায়, লালবাগ রোড, জগন্নাথ সাহা রোড, নগর বেলতলী লেন ও শেখ সাহেব বাজার এলাকায় সড়কগুলোর প্রস্থতা গড়ে সাত ফুট। সড়কে কোনো ফুটপাত নেই। এর মধ্যেই সড়কে প্রচুর ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা চলছে। পায়ে চালিত রিকশা থেকে এসব রিকশার গতি কয়েক গুণ বেশি। অথচ এসব রিকশার ব্রেক সাধারণ রিকশার মতোই। এতে প্রায় ঘটে দুর্ঘটনা।

পলাশী মোড় থেকে অটোরিকশায় করে লালবাগের আমলীগোলায় যাতায়াত করেছেন মো. মহসিন। এই রিকশায় চলার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সাধারণত এ ধরনের রিকশায় তিনি ওঠেন না। কারণ, এসব রিকশা খুবই দ্রুত চলে। ব্রেক করার সময় ঝাঁকুনি দেয়। এতে উল্টে পড়ার আশঙ্কা থাকে। কর্তৃপক্ষের উচিত এসব রিকশা চলাচল বন্ধ করা।

জগন্নাথ সাহা রোডের বাসিন্দা নূর হোসেন অভিযোগ করে বলেন, ব্যাটারিচালিত এসব অটোরিকশা চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আছে। তারপরও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অবাধে চলছে এগুলো। এতে সহযোগিতা করছে খোদ লালবাগ থানা-পুলিশ। তাদের সঙ্গে স্থানীয় একটি চক্রও জড়িত। বিনিময়ে এসব রিকশা থেকে তারা মাসে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করছে।

জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, তাঁর থানার কেউ এই অটোরিকশা চলাচলে সহযোগিতা করেন কি না, তা তাঁর জানা নেই। তারপরও কেউ জড়িত থাকার প্রমাণ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তিনি বলেন, সম্প্রতি তিনি লালবাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই থেকে আড়াই শ অটোরিকশা আটক করে ডাম্পিংয়ে পাঠিয়েছেন। তবে এসব অটোরিকশা চলাচল বন্ধ করার দায়িত্ব ট্রাফিক পুলিশের।