দরিদ্র ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পথ খুঁজছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, দরিদ্র ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথ খুঁজছে সরকার। এ জন্য প্রতিবেশী দেশ ভারতসহ বেশ কয়েকটি দেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বিনা মূল্যে চিকিৎসাসেবার মধ্যে মিথ্যা বিশ্বাস (ফ্যালাসি) কাজ করে। দরিদ্র বা প্রান্তিক মানুষকে অবহেলা না করলেও অনেকে চিকিৎসাসেবা নিতে আসে না, বা তারা সেবার বাইরে থেকে যায়। এসব মানুষের সেবা নিশ্চিত করার উপায় খোঁজা হচ্ছে। তাদের সামাজিক নিরাপত্তা নেটওয়ার্কের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হবে। সভায় স্বাস্থ্যমন্ত্রী অবশ্য বলেননি ব্যবস্থা আসলে কী হবে। তিনি বলেন, ‘আমরা বিষয়টি বোঝার চেষ্টা করছি।’ বিশ্বের যেসব দেশে স্বাস্থ্যবিমা আছে, বা যেসব দেশে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা আছে, সেসব দেশের অভিজ্ঞতা জেনে এসেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।মন্ত্রণালয় সূত্র জানায়, জুলাই থেকে সরকার একটি বা তিনটি উপজেলায় দিশারি (পাইলট) প্রকল্প চালু করবে। আগামী জুলাই থেকে শুরু হওয়া পরবর্তী স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচিতে এই দিশারি প্রকল্পের নাম রাখা হয়েছে ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’। এর মাধ্যমে দরিদ্র মানুষকে ‘স্বাস্থ্য কার্ড’ দেওয়া হবে। এই কার্ডধারী মানুষ উপজেলা হাসপাতাল থেকে শুরু করে বিশেষায়িত হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবে।অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবীর বলেন, ‘স্বাস্থ্য খাতে অর্থায়নের বিষয়ে নতুন মডেল নিয়ে চিন্তাভাবনা চলছে। আমাদের উদ্যোগ অত্যন্ত প্রাথমিক পর্যায়ে। এই উদ্যোগ সফল বলে প্রমাণিত হলে তা ব্যাপক ভিত্তিতে চালু করা হবে।’