ইসিজি, এক্স-রে, পেডোগ্রাফের মতো আধুনিক চিকিৎসাসেবা নিতে গ্রামের মানুষকে আর শহরে যেতে হবে না। গুনতে হবে না কাঁড়ি কাঁড়ি টাকা। নিজের এলাকায় বসে অল্প খরচে তারা এসব সেবা পাবে হাতের নাগালে।এই সম্ভাবনার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই-রব্বানীর নেতৃত্বে কাজ করা ১৫ জন তরুণ বিজ্ঞানী। ইতিমধ্যে তাঁরা দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবন করেছেন টেলিমেডিসিনসহ পল্লিচিকিৎসা-ব্যবস্থা।উদ্ভাবকেরা জানান, এই চিকিৎসাব্যবস্থায় আছে কম্পিউটারভিত্তিক ইসিজি যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র, এক্স-রে যন্ত্র, স্টেথিস্কোপ ও কল্পোস্কোপ। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকায় বসেই রোগ নির্ণয় করা যাবে। একইসঙ্গে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থানের বিশেষজ্ঞ চিকিৎসকেরও পরামর্শ নেওয়া যাবে।অধ্যাপক রব্বানীর নেতৃত্বে এই তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রায় ১৫টি চিকিৎসা-উপকরণ নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ। কার্জন হল চত্বরে গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, সাধারণ মানুষকে ভালোবেসেই বিজ্ঞানীদের কাজ করা উচিত। তবেই সব স্তরের মানুষের কল্যাণ হবে। এভাবেই সমাজকে বদলে দেওয়া সম্ভব। আরও বক্তব্য দেন অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী ও অধ্যাপক আবদুস সাত্তার।প্রদর্শনীতে স্থান পেয়েছে কম্পিউটারভিত্তিক পেডোগ্রাফ মেশিন। এটি দিয়ে হাঁটার সময় পায়ের তলার চাপের বিশ্লেষণসহ ছবি তুলে ডায়াবেটিক রোগীদের পায়ের ক্ষত সৃষ্টি হওয়া থেকে বাঁচানো যাবে।তরুণ বিজ্ঞানী রায়হান আবির বলেন, ‘এই ধরনের একটি যন্ত্র বিদেশ থেকে আমদানি করলে খরচ হবে প্রায় ৫০ লাখ টাকা। আর আমরা দেশীয় প্রযুক্তিতে তা তৈরি করেছি মাত্র ছয় লাখ টাকায়। আমাদের সরবরাহ করা এ রকম একটি যন্ত্র পাকিস্তানের একটি হাসপাতালে দেড় বছর ধরে ব্যবহূত হচ্ছে।’এই বিজ্ঞানীরা তৈরি করেছেন ফোকাসড মেথড (এফআইএম)। এর মাধ্যমে ফুসফুস, পাকস্থলীর কার্যকরণ, সার্ভিক্যাল ক্যানসার, স্তন ক্যানসার, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি নির্ণয় করা যাবে। তাঁরা তৈরি করেছেন সহজলভ্য উপকরণ দিয়ে সূর্যের কিরণে পানির জীবাণু ধ্বংসের জন্য একটি ব্যবস্থা। এতে খরচ হয়েছে মাত্র ১৫০ টাকা। এটি ব্যবহার করে পুকুর, নদী ও বন্যার পানি জীবাণুমুক্ত করা যাবে।প্রদর্শনীতে স্থান পেয়েছে অন্ধ ব্যক্তিদের চলাফেরায় সহায়তার যন্ত্র, চিন্তার মাধ্যমে কৃত্রিম হাত, স্বল্প খরচে কানে শোনার যন্ত্র প্রভৃতি চিকিৎসা-উপকরণ।অধ্যাপক রব্বানী প্রথম আলোকে বলেন, ‘আমাদের উদ্ভাবিত টেলিমেডিসিনসহ পল্লিচিকিৎসা-ব্যবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবে। এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে। এতে প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষ অল্প খরচে চিকিৎসাসেবা পাবে।’অধ্যাপক রব্বানী আরও বলেন, ‘তৃতীয় বিশ্বের মানুষ এখনো আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। অর্থনৈতিক বৈষম্যের কারণে এ সমস্যা কাটছে না। বিষয়টি মাথায় রেখেই আমরা অল্প খরচে যন্ত্র তৈরি করেছি। বাংলাদেশ ছাড়াও বিশ্বের যেকোনো দরিদ্র দেশ এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে।’