দর্শনার্থীহীন মাতৃভাষা জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচারণার অভাবে দর্শক তেমন নেই আন্তর্জাতিক মাতৃভাষা জাদুঘরে। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায়।  ছবি: হাসান রাজা
প্রচারণার অভাবে দর্শক তেমন নেই আন্তর্জাতিক মাতৃভাষা জাদুঘরে। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায়। ছবি: হাসান রাজা

বাংলা ভাষার প্রথম স্বরবর্ণ ‘অ’ দেখতে ছিল ইংরেজি বর্ণ ‘কে’-এর উল্টো আকৃতির মতো। প্রায় দুই হাজার তিন শ বছর আগে রাজা অশোকের আমলে দেখতে এমনই ছিল স্বরবর্ণটি। ‘উ’ বর্ণ তখন ছিল ইংরেজি ‘এল’–এর মতো। আর ‘এ’ বর্ণ ছিল ত্রিভুজাকৃতির।

বাংলা বর্ণমালার বিবর্তনের এমন পরিক্রমার দেখা মিলবে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। বহুতল এই ভবনের প্রথম তলায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা জাদুঘর। এখানে বাংলার পাশাপাশি পৃথিবীর ১১১টি ভাষার বিবর্তন, ইতিহাস সম্পর্কে জানা যাবে। এখানে দর্শনার্থীদের দেখার জন্য আছে বিশ্বের বিভিন্ন ভাষার নমুনা ও সংক্ষিপ্ত ইতিহাস। আলাদা বোর্ডে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যের সচিত্র বিবরণ। আছে বিলুপ্তপ্রায় ভাষার বিবরণও।

২০১০ সালে উদ্বোধন হয় জাদুঘরটির। কিন্তু এখানে দর্শনার্থী তেমন আসে না বললেই চলে। সারা পৃথিবীর ভাষা সংরক্ষণ করতে এমন একটি জাদুঘর খোদ ঢাকাতেই যে আছে, সে কথা জানেন না অনেকেই। মূলত প্রচার না থাকায় জাদুঘরটির এই হাল বলে মনে করছেন শিক্ষাবিদেরা।

জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, অনেকেই জানেন না এই জাদুঘরের বিষয়ে। সেখানে গেলে দর্শনার্থীদের দেখিয়ে দেওয়ার মতো গাইডও নেই। মাতৃভাষা জাদুঘরে ভাষাবিষয়ক প্রতিযোগিতা, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার পক্ষে মত দেন এই উপাচার্য।

গত মঙ্গলবার সকালে মাতৃভাষা জাদুঘরে আড়াই ঘণ্টা থেকেও কোনো দর্শনার্থীর দেখা মেলেনি। তিনজন শ্রমিক জাদুঘরে কাজ করছেন। তাঁরা কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন ভাষার লিপির সামনে, মানুষের ছবির সামনে গিয়ে দাঁড়াচ্ছেন। এখানে অন্তত ৪২টি কাচের বাক্স দেখা গেল, যেগুলোতে কিছুই নেই।

জাদুঘরের কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলে হাতের ডান পাশে পড়বে ভাষার নিদর্শনগুলো। প্রথমেই তাগড়া এক ষাঁড়ের ছবি দেখা যাবে। ব্যাখ্যা পাশেই দেওয়া, প্রায় ১২ হাজার বছর আগে স্পেনের আলতামিরা গুহার গায়ে আঁকা হয়েছিল এই ছবি। প্রাচীন গুহাচিত্রের নিদর্শন হিসেবে এটি মাতৃভাষা জাদুঘরে রাখা হয়েছে। 

জাদুঘরের ভেতরেই আছে ১০টি ডিজিটাল যন্ত্র কিঅস্ক বাক্স। সুইচ টিপে এই যন্ত্র ব্যবহার করে বিভিন্ন ভাষার আদ্যোপান্ত জানতে পাওয়ার কথা। যন্ত্রগুলোর প্রতিটি সচল। তবে কোনোটিই ব্যবহার করা যায় না, লেখা ওঠে ‘নো সিগন্যাল’, একটির স্ক্রিন মাঝ বরাবর ফেটে গেছে। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ভাষার একটি বিশেষ সফটওয়্যার ইনস্টল করা দরকার, যেটি করা হয়নি।

সংস্কারকাজের জন্য ১৫ দিন ধরে জাদুঘরটি বন্ধ আছে। তবে কোনো দর্শনার্থী এলে কর্তৃপক্ষ পরিদর্শন করতে মানা করেন না। দর্শনার্থীদের লগ বই ঘেঁটে জানা গেল, ২০১৯ সালে এই জাদুঘর পরিদর্শন করে মন্তব্য লিখেছেন ১২৮ জন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসির উদ্দিন গত বছর মাতৃভাষা জাদুঘর দেখতে গিয়েছিলেন। তিনি বলেন, ‘জাদুঘরের ভাষার বর্ণনাগুলো আরও সহজ হতে পারত। প্রত্যেক ভাষার সাহিত্য সম্পর্কে একটা ন্যূনতম ধারণা উপস্থাপিত হলে ভালো হতো। আমি ভার্চ্যুয়াল রিয়েলিটি শো দেখতে পারিনি। বলা হয়েছিল, যন্ত্রগুলো নষ্ট আছে।’ 

জাদুঘরে অবশ্য অনেক দর্শনার্থী আসেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী। তিনি বলেন, স্কুল-কলেজগুলোতে চিঠি দেওয়া হয়েছে, যাতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই জাদুঘর পরিদর্শনে আসেন। বাচ্চারা বাসে করে এখানে আসে, তারা আর ফিরে যেতে চায় না। তিনি আরও বলেন, অনেক ভাষার নিদর্শন ও উচ্চারণ সংগ্রহ করা হয়েছে। তবে বাংলা ভাষার নিদর্শনগুলোর অগ্রাধিকার থাকবে আগে।

প্রচারণার অভাবে মাতৃভাষা জাদুঘরটি দর্শক টানতে পারছে না। জাদুঘরের কর্মকর্তারাও এই সীমাবদ্ধতার বিষয়টি স্বীকার করেছেন অকপটে। জীনাত ইমতিয়াজ আলী প্রথম আলোকে বলেন, ধীরে ধীরে সবকিছু করার চেষ্টা চলছে। কেবল তো ১০ বছর হলো। জাদুঘরটি শুক্র, শনি এবং সরকারি ছুটির দিনগুলো ছাড়া সপ্তাহের পাঁচ দিন খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। কোনো টিকিট লাগে না। জাদুঘর সবার জন্য উন্মুক্ত।