দলীয় লেজুড়বৃত্তি পেশাজীবী সংগঠনের স্বাতন্ত্র্য নষ্ট করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় লেজুড়বৃত্তি পেশাজীবী সংগঠনগুলোর স্বাতন্ত্র্য নষ্ট করছে। এ ধরনের সংগঠনগুলো নিজেদের মানোন্নয়ন ও সুযোগ-সুবিধা আদায়ের পরিবর্তে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত হচ্ছে। সাধারণ মানুষও সংগঠনগুলোর ওপর আস্থা হারিয়ে ফেলেছে। দৈনিক সংবাদ ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঐক্য পরিষদের উদ্যোগে ‘পেশাজীবীদের দলীয় রাজনীতি: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় কয়েকজন বক্তা এ কথা বলেন।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, পেশাজীবীরা দলীয় রাজনীতিতে এসেছেন। এতে কোনো কোনো ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রের উন্নয়নের জন্য রাজনীতি গুরুত্বপূর্ণ। আবার সবকিছুকে রাজনীতিকরণ করাও ঠিক নয়। পেশাজীবীদের রাজনীতিমুক্ত সংগঠন করতে হবে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, পেশাজীবী এখন কে কত দলীয় আনুগত্য দেখাতে পারেন তার প্রতিযোগিতা শুরু করেছেন। ফলে প্রশাসনসহ বিভিন্ন স্তরে অযোগ্যরা দলীয় আনুগত্য নিয়ে গুরুত্বপূর্ণ পদে বসে আছেন। এতে কাজের গতি কমছে, সঠিক কাজটা সঠিক সময়ে হচ্ছে না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রাজনীতি এখন দুই রকম: একটা হালুয়া-রুটি খাওয়ার রাজনীতি আর অন্যটা হলো আদর্শিক। রাজনীতিবিদ ও পেশাজীবীরা এখন হালুয়া-রুটির রাজনীতির দিকে ঝুঁকছেন।আলোচনা সভার মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস কিছু পেশাজীবী সংগঠনের দলীয় আইনবহির্ভূত কাজের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, মোটা দাগে বললে বলতে হবে পেশাজীবীরা এখন আওয়ামী লীগ বা বিএনপি—এ দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সংগঠনগুলো চাঁদাবাজি পর্যন্ত করছে। যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের সমর্থক পেশাজীবী অংশটি এ কাজ করে। তিনি পরিবহন খাতে নৈরাজ্য ও চাঁদাবাজির প্রসঙ্গও উল্লেখ করেন।তবে মূল প্রবন্ধের সঙ্গে কয়েকজন বক্তা দ্বিমত পোষণ করেন। তাঁদের দাবি, প্রবন্ধটি মূলত গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদের ভিত্তিতে করা হয়েছে। অনেক ক্ষেত্রে গণমাধ্যমে সঠিক তথ্য আসে না।ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঐক্য পরিষদের আহ্বায়ক মো. ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, নিউজ টুডে-এর প্রধান সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) যুগ্ম মহাসচিব জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।