দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে আ.লীগের পরীক্ষা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের পরীক্ষা নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের পরীক্ষা নিয়ে ফলাফল নিন। ফলাফল ভালো না হলে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ পাবেন।’জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক টাবুল চৌধুরী স্মরণে গতকাল সোমবার আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে আমু এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ শোকসভার আয়োজন করে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় টাবুল চৌধুরী নিহত হন।আমির হোসেন আমু বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারের অধীনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আগামী নির্বাচনে এটা প্রমাণিত হবে। তিনি অভিযোগ করেন, বিরোধী দল সংলাপ চায় না। সংলাপে বিশ্বাস করলে তারা সরকার পতনের হুমকি দেয় কেন? তারা ১১ জুনের পর এক দফার আন্দোলনে যাওয়ার হুমকি দিচ্ছে। এর উদ্দেশ্য তত্ত্বাবধায়ক সরকার নয়, যুদ্ধাপরাধীদের মুক্ত করা।সভাপতির বক্তব্যে জোটের সভাপতি সাংসদ তারানা হালিম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় টাবুল চৌধুরীর মতো আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মীকে হারাতে হয়েছে। অথচ আমরা যখন সামাজিক দায়বদ্ধতা নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কর্মসূচি নিই, তখন অনেকেই এর বিরোধিতা শুরু করেন। শ্রমিক নেতারা বাধা হয়ে দাঁড়ান। তাঁদের কারণে কোনো শুভ উদ্যোগই কার্যকর হয় না।’সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম প্রমুখ বক্তব্য দেন।