ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতসমর্থিত শিক্ষকদের সাদা দল। গতকাল রোববার অপরাজেয় বাংলার পাদদেশে তারা এ কর্মসূচি পালন করে।মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন বলেন, শিক্ষক নিয়োগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অনিয়মের মাধ্যমে ক্ষমতাসীন দলের প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে সিলেকশন বোর্ডে আপত্তিপত্র, প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের কাছে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ, সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করা হয়েছে। কিন্তু কোনো কিছুতেই প্রতিকার পাওয়া যাচ্ছে না।যুগ্ম সম্পাদক আবুল হাসনাত বলেন, সিলেকশন বোর্ড আনুষ্ঠানিকতার জন্য রাখা হয়েছে। এখানে সদস্যদের মতামত গ্রহণ করা হয় না। কাকে নিয়োগ দেওয়া হবে, তা শীর্ষ ব্যক্তিরা আগেই পছন্দ করে রাখেন।