অধস্তন আদালতের বিচারকদের জন্য করা বেতন-ভাতার কাঠামোতে কিছু সংশোধন করেছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ কিছু সংশোধনের কথা উল্লেখ করে এ বিষয়ে আগামী ১৫ এপ্রিল প্রতিবেদন দিতে বলেছেন।এ ছাড়া আদালত চার সচিবকে আপাতত আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি দেন। পরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মামলার ফলের ঘরে দেখা যায়, বিষয়টি আদেশের জন্য ১৫ এপ্রিল কার্যতালিকায় আসবে।গত ২৮ ফেব্রুয়ারি আদালতের নির্দেশ অনুসারে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করায় আপিল বিভাগ মন্ত্রিপরিষদ, অর্থ, আইন ও জনপ্রশাসনসচিবের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। হাজিরের নির্দেশ অনুযায়ী, গতকাল মন্ত্রিপরিষদ সচিব ছাড়া অন্য সচিবেরা আদালতে উপস্থিত হন। মন্ত্রিপরিষদ সচিব অসুস্থতার কারণে হাজির হতে পারেননি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন ও অন্যান্য ভাতাসংক্রান্ত একটি কাঠামো আদালতে দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং মূল আবেদনের পক্ষে আইনজীবী এম আমীর-উল ইসলাম শুনানি করেন। সচিবদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আমিরুল ইসলাম।পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশ অনুসারে বিচারকদের বেতনকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধাসংক্রান্ত তথ্য আদালতে দাখিল করা হয়। আদালত কিছু সংশোধন সাপেক্ষে তা অনুমোদন করেছেন। জেলা জজদের ও সমপদমর্যাদার ২২টি পদ উল্লেখ করা হয়। আদালত সংখ্যা বাদ দিয়ে তা সংশোধন করে বলেছেন, পাঁচ বছর অতিক্রান্ত হলে তাঁরা গ্রেড ওয়ানে উন্নীত হবেন। বিচারকেরা ৫০ শতাংশ বিচারিক ভাতা পেতেন। কাঠামোতে ওই ভাতা ২০ শতাংশ রাখা হয়েছে। আদালত এই ভাতা ৩০ শতাংশে উন্নীত করতে বলেছেন।মাজদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগ ২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে যাত্রা শুরু করে। পরে পে-কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিৎসা, পোশাকভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথাও বলা হয়।