দানবাকৃতির ট্যাংকের পাশে ছোট মর্টার কৌতূহলী করেছে দর্শকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দানবাকৃতির টি-৬৯ মডেলের ট্যাংক, যুদ্ধবিমান আর বিশালাকৃতির কামানের পাশে ছোট আকৃতির ৬০ মিমি মর্টারকে বেমানান মনে হতেই পারে। মিরপুর থেকে আসা আট বছরের শিশু বাপ্পি তাই অবাক বিস্ময়ে কর্তব্যরত সেনাসদস্যের কাছে জানতে চাইল—‘মর্টার এত ছোট কেন, এটা দিয়ে কি করে?’ সেনাসদস্যের জবাব দেওয়ার আগেই বাপ্পির পাশে দাঁড়ানো তাঁর মা বলেন, ‘এই ছোট কামান দিয়ে দুষ্টু ছেলেমেয়েদের মাথার ওপর বোমা ফেলা হয়।’ মা-ছেলের এমন আলাপে আশপাশের সবাই বেশ মজা পাচ্ছিল।জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হওয়া সমরাস্ত্র প্রদর্শনীতে সাধারণ মানুষের ভিড় ছিল লক্ষণীয়। বিশেষ করে, এ প্রদর্শনী ঘিরে শিশুদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ এই সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হসিনা প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনী চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। প্রদর্শনীতে প্রতিদিনই কৌতূহলী দর্শকের সংখ্যা বাড়ছে। দর্শনার্থীরা সেনা, নৌ, ও বিমানবাহিনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন সেক্টরের মানচিত্র এবং মুক্তিযুদ্ধে ব্যবহূত অস্ত্র ও সরঞ্জামও ছিল। ট্যাংক, বিমান আর যুদ্ধজাহাজ সম্পর্কে দর্শনার্থীদের খুঁটিনাটি জানাতে গতকাল রোববার সেনা, নৌ আর বিমানবাহিনীর সদস্যদের রীতিমতো গলদঘর্ম অবস্থা হয়েছিল। দর্শনার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল যুদ্ধবিষয়ক সেনাসদস্যদের নানা কসরত আর স্কাই ডাইভারস ঘিরে। একটু যাঁরা সাহসী তাঁদের কেউ কেউ এই কাজে অংশ নেওয়ারও চেষ্টা করেছেন। বিমানবাহিনীর বিমান ও হেলিকপ্টারে উঠতে লম্বা লাইনে দাঁড়াতে কারও ক্লান্তি চোখে পড়েনি। নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধুর অনুরূপ মডেলের একটি জাহাজ ঘুরে দেখেছেন দর্শনার্থীরা।দর্শনার্থীরা বাংলাদেশের সমুদ্রসীমা এবং এ নিয়ে মিয়ানমার ও ভারতের সঙ্গে বিরোধপূর্ণ অংশটুকু দেখেছেন আগ্রহ নিয়ে। নৌবাহিনী প্রদর্শনীতে বাংলাদেশের প্রাপ্ত সমুদ্রসীমা চিহ্নিত করে সাধারণ মানুষকে দেখিয়েছেন। কোনো কোনো অংশ নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ চলছে তা লাল ও হলুদ লাইন টেনে বুঝিয়ে দিয়েছেন।সামরিক জাদুঘরেও ছিল দর্শনার্থীদের ভিড়: বিজয়নগরে সামরিক জাদুঘরেও দর্শনার্থীরা মুক্তিযুদ্ধের সময় ব্যবহূত নানা ধরনের অস্ত্রশস্ত্র, কামান, ট্যাংক দেখতে আসেন। তবে এসব কিছু ছাপিয়ে সৌরবিদ্যুৎ প্লান্ট ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। অনেকেই আগ্রহ নিয়ে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করা নিয়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু স্থাপন ব্যয় অনেক বেশি হওয়ায় সেই আগ্রহে ভাটাও পড়েছে কারও কারও মধ্যে।