দাবার চালে সবাই মাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামলী শিশুপার্কে চালে মগ্ন দাবাড়ুরা। আগ্রহের কমতি নেই দর্শকদের। গতকাল বিকেলের ছবি।
শ্যামলী শিশুপার্কে চালে মগ্ন দাবাড়ুরা। আগ্রহের কমতি নেই দর্শকদের। গতকাল বিকেলের ছবি।

সবুজে মোড়া পার্কের উত্তর প্রান্তে ত্রিপল ঢাকা এক টুকরো জায়গা। সেখানে পাঁচটি বোর্ডে দাবা খেলছেন ১০ জন দাবাড়ু। তাঁদের ঘিরে থাকা দর্শকের সংখ্যা তার চেয়েও বেশি। খেলোয়াড়দের প্রতি চালের উত্তেজনা ছুঁয়ে যাচ্ছে তাঁদের। কেউ পরবর্তী চালের জন্য দাবাড়ুদের পরামর্শ দিচ্ছেন। কেউ পুড়ছেন ভুল চালের আক্ষেপে। আশপাশের আর কোনো কিছু তাঁদের স্পর্শ করছে না।

মোহাম্মদপুরের খিলজী রোডের পাশে শ্যামলী শিশুপার্কে এমন চিত্র নিয়মিতই চোখে পড়বে। পিসি কালচার হাউজিং সোসাইটির ‘ক’ ব্লক-সংলগ্ন
এলাকার এই পার্কটি বেশ পরিচ্ছন্ন। প্রতিদিন সেখানে অনেকে ব্যায়াম করতে আসেন। তাঁদের অনেকে দাবার বোর্ডের কাছে গিয়ে দর্শক বনে যান। কেউ আবার খেলতে বসে পড়েন। তাঁদের মধ্যে কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ আইন পেশার সঙ্গে যুক্ত, কেউবা নিখাদ শ্রমজীবী মানুষ। দাবা তাঁদের সবাইকে এক সুতায় বেঁধেছে।

স্থায়ীভাবে বসানো দাবার চারটি সাদা-কালো বোর্ড। আরেকটি কংক্রিটের টেবিলে অস্থায়ী কাগজের বোর্ডের সংখ্যা তিনটি। গতকাল রোববার বিকেলে পার্কের উত্তর কোণে দাবার এই আসরে গিয়ে দেখা যায়, পাঁচটি বোর্ডে খেলা চলছে। উপস্থিত দাবাড়ু ও দর্শকদের সঙ্গে কথা বলে জানা গেল, পার্কে দাবার এই আসরটি শুরু হয় ১০ বছর আগে। তখন মোহাম্মদপুর চেজ ক্লাবের কয়েকজন দক্ষিণ কোণে বোর্ড বসিয়ে খেলতেন। বছর তিনেক আগে পার্ক সংস্কারের পর তাঁরা এই কোণে সরে এসেছেন।

চেজ ক্লাবের সদস্য আহমেদ জাহাঙ্গীর বলেন, সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত এখানে খেলা চলে। একেক দলের খেলা শেষে অপেক্ষারত ব্যক্তিরা বোর্ড নিয়ে বসে পড়েন। এর মধ্যে ক্লাবের শতাধিক সদস্যের পাশাপাশি পার্কে বেড়াতে আসা এবং স্থানীয় লোকজনও থাকেন।

জাহাঙ্গীর জানালেন, বছরখানেক আগে ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় এই পার্কে খেলে গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীবের মতো দাবাড়ুরা। ওই প্রতিযোগিতায় সারা দেশ থেকে দুই শর মতো দাবাড়ু অংশ নেন।

উপস্থিত ব্যক্তিরা বলছেন, দাবা খেলার এই নিয়মিত আয়োজন এলাকার তরুণদের মধ্যেও সাড়া ফেলেছে। তাঁদের অনেকে দাবার ব্যাপারে আগ্রহী হচ্ছেন। কেউ কেউ মাঝেমধ্যে বড়দের সঙ্গে খেলতেও বসে যান। গতকাল খেলোয়াড়দের মধ্যে ছিলেন মো. হাবিব। পেশায় বাবুর্চি হাবিব বলেন, ‘দাবা খেলা আমার কাছে অনেকটা নেশার মতো। কাজের বাইরে অবসরের পুরো সময়টা এখানেই দেওয়ার চেষ্টা করি।’

স্থানীয় লোকজন বলেন, দখলদারি, অযত্ন, অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে ঢাকার অনেক পার্ক ও খেলার মাঠই যখন বেহাল, সেখানে শ্যামলী শিশুপার্কটি বেশ ব্যতিক্রম। ২০১৫ সালে সংস্কার করার পর পার্কের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে সিটি করপোরেশনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করায় সুফল পাওয়া যাচ্ছে। এলাকায় মাদক, জলাবদ্ধতাসহ নানা সমস্যা আছে। তবে এগুলোর মধ্যেও স্থানীয় ব্যক্তিদের সরাসরি তত্ত্বাবধানে খোলনলচে পাল্টে যাওয়া এই পার্কটি এলাকার জন্য বিশেষ অনুপ্রেরণা।

ছায়াদানকারী বড় বড় গাছে ঘেরা এই পার্কটির সর্বত্র পরিচ্ছন্নতার ছাপ। কংক্রিটের তৈরি বেঞ্চ, রঙিন টাইলসের তৈরি হাঁটার পথ কিংবা অন্য বসার জায়গাগুলো আবর্জনামুক্ত। মাঝের অংশগুলোতে সতেজ ঘাসের বিছানা। এক অংশে শিশুদের খেলার জায়গা এবং নতুন করে নির্মিত একটি আধুনিক শৌচাগার। পার্কটিতে নানা ধরনের ফলদ ও বনজ বৃক্ষের পাশাপাশি রোপণ করা হয়েছে শোভাবর্ধনকারী লতাগুল্ম ও নানা প্রজাতির ফুলের গাছ।

পার্কের এই দাবার আসর ঘিরে আরও বড় পরিকল্পনার কথা জানিয়ে মোহাম্মদপুর চেজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান জানান, ভবিষ্যতে এখানে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজনের স্বপ্ন তাঁদের। এ ছাড়া এলাকার স্কুলশিক্ষার্থীদের দাবা-বিষয়ক প্রশিক্ষণ দিতে চান তাঁরা।