দাবি আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অধ্যক্ষসহ শিক্ষকেরা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা প্রথম বর্ষের ফল ঘোষণাসহ চার দফা দাবিতে গতকাল বুধবার দিনভর মিছিল করেছেন। শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা অধ্যক্ষসহ ১৭ শিক্ষককে অধ্যক্ষের কক্ষে তালাবদ্ধ করে রাখেন। রাত নয়টায় শাহবাগ থানা পুলিশ তাঁদের উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে ঢাকা নার্সিং কলেজের দেড় শতাধিক ছাত্রছাত্রী ক্লাস বর্জন করে কলেজের সামনে জড়ো হন। তাঁঁরা চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে কলেজের অধ্যক্ষসহ তাঁর কক্ষে উপস্থিত ১৭ শিক্ষককে কক্ষের বাইরে তালা দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীরা দিনভর কলেজের মাঠে অবস্থান নিয়ে দাবি আদায়ে স্লোগান দেন। বিকেলে সেবা পরিদপ্তরের দুই প্রতিনিধি ঘটনাস্থলে এসে দাবির বিষয়ে বিচেনা করা হবে বলে আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা লিখিত অঙ্গীকার চেয়ে দাবি আদায়ে অনড় থাকেন। কর্মকর্তারা অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে চাইলে শিক্ষার্থীরা তালা খুলে তাঁদের ঢুকতে দেন। এর পরই সবাইকে তাঁরা ওই কক্ষে তালাবদ্ধ করে রাখেন। শিক্ষার্থীদের দাবি, আগামী সাত দিনের মধ্যে প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা, পরীক্ষার ফি কমানো, ছাত্রীনিবাসের মান উন্নয়ন ও ছাত্রদের জন্য হোস্টেল স্থাপন, আগামী এক মাসের মধ্যে ক্যান্টিন স্থাপন করা। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার পর ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ তাহাতুন নাহারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘রাত নয়টায় পুলিশ আমাদের উদ্ধার করে। পুলিশ আমাদের পক্ষে বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা পুলিশকে কক্ষের চাবি দেয়।’ শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁদের নিম্নমানের খাবার দেওয়া হয়। সময়মতো খাবার পাওয়া যায় না। খাবার কক্ষের পরিবেশ অস্বাস্থ্যকর। এ অবস্থায় দেড় শতাধিক শিক্ষার্থী গতকাল থেকে প্রায় না খেয়ে আছেন। তাঁরা জানান, স্নাতক পর্বের প্রথম বর্ষের পরীক্ষা সাত মাস আগে হলেও এখনো ফল প্রকাশিত হয়নি।