ইউনিপেটুইউ বাংলাদেশ লিমিটেডের প্রতারিত গ্রাহকেরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন।কথিত মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিতে বিনিয়োগ করে প্রতারণার শিকার কয়েক শ গ্রাহক ১৭ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করছেন। এ ছাড়া এই কর্মসূচির সমর্থনে আছেন প্রায় দেড় হাজার গ্রাহক।গতকাল বুধবার পঞ্চম দিন পর্যন্ত অনশন কর্মসূচিতে অংশ নিয়ে অনেক গ্রাহক অসুস্থ হয়ে পড়েছেন। কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত গ্রাহকেরা কোম্পানির পক্ষ থেকে টাকা ফেরত পাওয়ার কোনো আশ্বাস পাননি বলে প্রথম আলোকে জানিয়েছেন।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানকে অনশন কর্মসূচিতে এসে অনশনরত প্রত্যেকের বিনিয়োগের টাকা চুক্তি অনুসারে তাৎক্ষণিক ফেরত দেওয়া এবং জেলা প্রশাসকের উপস্থিতিতে কোম্পানির এই দুই প্রতিনিধির বিনিয়োগকারীদের টাকা ফেরতের তারিখ নির্ধারণের দাবিতে এই কর্মসূচি চলছে।কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক গ্রাহক প্রথম আলোকে জানান, তাঁরা খোলা আকাশের নিচে রোদে পুরে ও বৃষ্টিতে ভিজে অনশন করলেও কোম্পানির ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা অনশন ভাঙানোর জন্য আসেননি। উল্টো বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।প্রতারিত গ্রাহকদের একজন ইউসুফ আলী জানালেন, তিনি নিজে ও পরিবারের পক্ষ থেকে এই কোম্পানিতে আড়াই কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কোম্পানির দেওয়া শর্ত অনুযায়ী গত মার্চে ১০ মাস পূর্ণ হলে বিনিয়োগ করা টাকার দ্বিগুণ পরিমাণ পাওয়ার কথা ছিল। কিন্তু তিনি মাত্র ২০ লাখ টাকা পেয়েছেন।নগরের কলাবাগানের অবসরপ্রাপ্ত শিক্ষিকা দীপ্তি রানী ভৌমিক দুই লাখ ২১ হাজার টাকা বিনিয়োগ করে মাত্র ৪৬ হাজার টাকা পেয়েছেন। তাঁর স্বামী মারা গেছেন। নিজের অবসরকালীন টাকা বিনিয়োগ করেছিলেন। এখনো এক মেয়ের বিয়ে দেওয়ার বাকি আছে।দীপ্তি রানী বলেন, ‘দাবি না মানলে লাশ হয়ে বাড়ি ফিরব। এ ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। কোম্পানির লোকজন ঘুরে বেড়াচ্ছে, আর প্রশাসন কিছু করছে না।’চট্টগ্রামের মো. নিজামুল করিম প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলেও এ ধরনের অন্যান্য কোম্পানি ঠিকই ব্যবসা করছে। এ ধরনের ব্যবসাকে অবশ্যই নীতিমালার আওতায় আনতে হবে।’অনশনে অংশ নেওয়া একাধিক নারী জানান, স্বামীকে না জানিয়ে দ্বিগুণ লাভের আশায় জমি ও গয়না বিক্রি করে বিনিয়োগ করেছিলেন। কিন্তু এখন ‘গৃহযুদ্ধ’ শুরু হয়ে গেছে। এখন আর তাঁদের লাভের অংশের দরকার নেই, মূল টাকাটাই ফেরত চাইছেন তাঁরা।