দাবি পূরণ না হলে আগামী ১৫ জানুয়ারি থেকে দেশের সব বিদ্যালয় বন্ধ করে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু করা আমরণ অনশন গতকাল মঙ্গলবার স্থগিত করেছেন তাঁরা। পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল দুপুর ১২টায় শিক্ষকদের আত্মাহুতি দেওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি শহীদ মিনারে এসে কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। এরপর তাঁরা আত্মাহুতির কর্মসূচি স্থগিত করেন।পরে দেড়টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের চিকিৎসা ও টিফিন-ভাতা বাড়ানোর আশ্বাস দেন। আর অন্য দাবিগুলো পরে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। কিন্তু শিক্ষকেরা বলেন, তাঁদের মূল দাবি হলো চাকরি সরকারীকরণ। এ দাবি পূরণ না হলে তাঁরা ১৫ জানুয়ারি থেকে আবার কর্মসূচিতে যাবেন।এক শিক্ষকের মৃত্যু: ফেনী সদর উপজেলার পূর্ব কাছার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী চাকরি জাতীয়করণের দাবিতে ২১ ডিসেম্বর শহীদ মিনারে আসেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গতকাল তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান।