দাবি নিয়ে শিক্ষকদের দুই দলের উত্তপ্ত বাক্যবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগ ও বাম সমর্থিত ‘নীল দল’ এবং বিএনপি-জামায়াত সমর্থিত ‘সাদা দলের’ শিক্ষকদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে ব্যবহূত ব্যানারে লেখা বক্তব্য নিয়ে এ ঘটনা ঘটে। শিক্ষক সমিতির পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার দুপুরের দিকে মানববন্ধনের জন্য শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন। মানববন্ধনে একটি ব্যানার থাকার কথা থাকলেও নীল ও সাদা দলের শিক্ষকেরা পৃথক ব্যানার নিয়ে আসেন। নীল দলের ব্যানারে লেখা ছিল ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন’। অপরদিকে সাদা দলের ব্যানারে লেখা ছিল ‘যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার এবং ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার দাবিতে মানববন্ধন’।মানববন্ধন শুরুর আগে সাদা দলের ব্যানারটি খুঁজে না পাওয়ায় নীল দলের শিক্ষকেরা তাঁদের ব্যানার নিয়ে মানববন্ধন শুরু করেন। নিজেদের ব্যানার উধাও হওয়ায় সাদা দলের শিক্ষকেরা মানববন্ধনে অংশ নিতে অপারগতা প্রকাশ করেন। ব্যানার প্রসঙ্গ নিয়ে নিয়ে দুই দলের শিক্ষকদের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়। এ সময় দুই দলের শিক্ষকদের কেউ কেউ একে অন্যের দিকে ক্ষিপ্ত হয়ে তেড়ে যান। তবে হাতাহাতির ঘটনা ঘটেনি।নীল দলের শিক্ষক ও সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করার দাবিতেই আজকের এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘অছাত্ররা ক্যাম্পাসে আসার নাম করে ককটেলবাজি, বোমাবাজি করবে, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, তা আমরা মেনে নেব না।’ মানববন্ধনে সাদা দলের শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশে বর্তমানে নৈরাজ্য ও একনায়কতন্ত্র চলছে, বিশ্ববিদ্যালয়গুলোতে গণতন্ত্রের চর্চা হচ্ছে না। প্রধান বিরোধীদলীয় ছাত্রসংগঠন আজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না। এসবের প্রতিবাদে এবং ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার দাবিতে মানববন্ধন আয়োজন করা হয়েছে।