দাবি পূরণ না হলে আন্দোলনের হুমকি অটোরিকশা শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও রাজনৈতিক দলের নামে সন্ত্রাসীরা চাঁদাবাজি করে চালকদের প্রতিনিয়ত হয়রানি করছে। দেখা গেছে, চাঁদাবাজদের সঙ্গে স্থানীয় সাংসদের নামও পত্রিকায় প্রকাশিত হয়েছে। চাঁদাবাজির শিকার হওয়া ছাড়াও চালকেরা আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত। প্রতিকারের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অটোরিকশা-অটোটেম্পো-মিশুকশ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা তাঁদের ১২ দফা দাবি পূরণে সময় বেঁধে দিয়েছেন। চাঁদাবাজি বন্ধ করাসহ এসব দাবি ১৫ অক্টোবরের মধ্যে পূরণ করা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দিয়েছেন তাঁরা। দাবি আদায়ের অংশ হিসেবে আজ মঙ্গলবার থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ঢাকা জেলার বিভিন্ন গাড়ির স্ট্যান্ডে প্রতিবাদ সভা করা হবে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক। লিখিত বক্তব্যে বলা হয়, মানুষকে বোঝানো হয় পুলিশ জনগণের বন্ধু। আসলে কি তাই? পুলিশ গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা, রিকুইজিশন, নো পার্কিং, মিটারবিহীন গাড়ি চালানোর নামে নানাভাবে হয়রানি করছে। মামলার ভয় দেখিয়ে চালকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি। অন্যদিকে, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে চালকদের কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ওই চাঁদাবাজদের সঙ্গে পুলিশের বিশেষ সম্পর্ক রয়েছে বলে পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। উপরন্তু কয়েকটি এলাকায় চাঁদাবাজদের সঙ্গে সাংসদের নামও পত্রিকায় প্রকাশিত হয়েছে।