দাম বেশি বলে মসলার বাজারে ভিড় কম
ঈদের কেনাকাটার শেষের দিকেই থাকে মসলাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য। সেই কেনাকাটা এখন জোরেশোরেই চলছে। তবে এ বছর মসলার বেচাবিক্রি তুলনামূলকভাবে কম। বাজার ঘুরে মনে হলো আকাশছোঁয়া দামই এর প্রধান কারণ। ব্যবসার অবস্থা বোঝাতে গিয়ে পুরান ঢাকার মৌলভীবাজারের জাহাঙ্গীর ব্রাদার্সের মালিক মোমিনুল হক জানান, এই বছর বিক্রি গত বছরের প্রায় অর্ধেক। গত বছর ভিড়ের কারণে ইফতার দোকানে বসে করা হতো। কিন্তু এ বছর বাসায় গিয়েই ইফতার করছেন। বিশেষ করে এলাচের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। দাম বাড়ার কারণে ক্রেতার সংখ্যা কমে গেছে। মসলা আমদানিকারক হাফেজ এনায়েত উল্লাহ বলেন, এ বছর এলাচের উচ্চমূল্যের কারণে তিনি আমদানিই করেননি। এনায়েত জানান, দু-তিন বছর আগে প্রতি টন এলাচের আমদানি খরচ হতো তিন হাজার ডলার। এরই মধ্যে তা প্রায় ১০ গুণ বেড়ে ৩০ হাজার ডলার হয়েছে। এই অবস্থায় ঝুঁকি নিতে সাহস হয়নি তাঁর। রাজধানীর পাইকারি বাজারে গত বছর প্রতি কেজি এলাচের দাম ছিল এক হাজার ২৮০ থেকে এক হাজার ৩০০ টাকা। এখন তা দুই হাজার ২৫০ থেকে দুই হাজার ৫০০ টাকা। এ ছাড়া গত বছরের ১১৫ টাকার দারুচিনি এখন ১৬৫ টাকা, ৪৮০ টাকার লবঙ্গ ৬২০ টাকা, ৪২০ টাকার সাদা গোলমরিচ ৫৮০ টাকা, ২৮০ টাকার কালো গোলমরিচ ৩৯০ টাকা, ২৪০ টাকার কিশমিশ ২৬০ টাকা, ২২০ থেকে ২৮০ টাকার জিরা ৩২০ থেকে ৩৯০ টাকায় বিক্রি হচ্ছে। এখন প্রতি কেজি জায়ফল ৫৮০ টাকা, পেস্তা বাদাম এক হাজার ৫৫০ টাকা, কাজু বাদাম ৬০০ টাকা, কাঠবাদাম ৪৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটের পাশের একটি দোকানে পাঁচ টাকার জিরা কিনতে চাইলেন এক ক্রেতা। কিন্তু দোকানি পাঁচ টাকার জিরা দিতে রাজি নন। কারণ জানতে চাইলে তিনি বললেন, এত অল্প টাকার জিরা বিক্রি করলে প্রতি কেজিতে ঘাটতি বেড়ে যাবে। একই এলাকা থেকে মসলা কিনছিলেন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী রিয়াজ উদ্দিন। তিনি জানান, গত বছর ১০ গ্রাম এলাচ ২২ টাকায় কিনেছিলেন। এবার তা ৩০ টাকা। আর কম পরিমাণে বিক্রির সমস্যা জানিয়ে বিক্রেতা আলী আকবর বলেন, ১০ গ্রাম করে এলাচ বিক্রি করলে ওজনে কিছুটা বেশি দিতে হয়। এভাবে প্রতি কেজিতে প্রায় ১০০ গ্রাম মাল ঘাটতি হয়। তিনি বলেন, দাম বেশি হওয়ায় বিক্রি খুবই কম হচ্ছে।