দামি মাছে বেশি ফরমালিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছে ফরমালিন দেওয়ার পরিমাণ ধীরে ধীরে কমছে। তবে বেশি দামের মাছে এখনো ফরমালিন পাওয়া যাচ্ছে। গতকাল শনিবার মৎস্য অধিদপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ।আরিফ আজাদ বলেন, ‘আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকার আট শতাংশ মাছে ফরমালিন পেয়েছিলাম। তবে সাম্প্রতিক অভিযান ও বিভিন্ন হিসাব অনুযায়ী, ঢাকার দুই থেকে আড়াই শতাংশ মাছে ফরমালিন পাওয়া গেছে।’ তিনি আরও বলেন, ‘আমার অভিজ্ঞতা হলো, এখন বেশি দামি মাছে বেশি ফরমালিন মেশানো হয়। যেমন— ফলি, বোয়াল ও পাবদা মাছে ফরমালিন পাওয়া যাচ্ছে। আগে রুই মাছে বেশি ফরমালিন পাওয়া যেত। এখন সেটা কমে এসেছে।’মৎস্য অধিদপ্তরের নিজস্ব কার্যালয়ে ‘মাছ সংরক্ষণে ফরমালিনের অপব্যবহার রোধ এবং পিরানহা মাছ প্রজনন, চাষ, পরিবহন, সংরক্ষণ ও বিপণন’ বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাছে ফরমালিনের অপব্যবহার রোধসংক্রান্ত প্রকল্পের পরিচালক শামসুল কবির সভায় একটি প্রবন্ধ উপস্থাপন করেন। ফরমালিনযুক্ত মাছ চেনার উপায় হিসেবে তিনি বলেন, ফরমালিনযুক্ত মাছের চোখ ফ্যাকাশে ও ভেতরের দিকে ঢোকানো থাকে; মাছের গায়ে থাকা আঠালো পদার্থ (স্লাইম) থাকে না; ফুলকা কালচে বর্ণের হয়; দেহ শুষ্ক হয়, স্বাভাবিক মেছো গন্ধ থাকে না; মাছে মাছি বসে না।শামসুল কবির বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট বলেছে, ফরমালিন ক্যানসার সৃষ্টিতে উদ্দীপক এজেন্ট হিসেবে কাজ করে। ফরমালিনের অপব্যবহার রোধে এই রাসায়নিকটি কেনা-বেচায় কড়াকড়ি আরোপ ও ফরমালিনসংক্রান্ত আইনের কঠোর প্রয়োগের প্রস্তাব করেন তিনি।ঢাকার দুই-তিনটি বাজারকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখে ওই বাজারগুলোকে ফরমালিনমুক্ত ঘোষণা করা যায় কি না—এমন প্রশ্নের জবাবে সৈয়দ আরিফ আজাদ বলেন, ‘আমরাও এ প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এতে সমস্যা আছে। আমরা যদি কারওয়ানবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করি, তবে জনপ্রতিনিধিরা বলবেন, কেন কারওয়ানবাজারকে করলেন। কেন কাপ্তানবাজার কিংবা সোয়ারীঘাটবাজারকে করলেন না। তবে আমরা এ প্রস্তাবটি নীতিনির্ধারকদের কাছে তুলব।’মাছে ফরমালিনের অপব্যবহার বিষয়ে ‘বড় মাছে ফরমালিন বেশি’ শিরোনামে গত ৬ সেপ্টেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা: সভায় পিরানহা মাছ নিয়ে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের সহকারী পরিচালক ওমর ফারুক। তিনি বলেন, ২০০৭ সালে গেজেট করে সরকার পিরানহা মাছের প্রজনন, চাষ, কেনাবেচা নিষিদ্ধ করে। এই মাছ কারও কাছে প্রথমবার পাওয়া গেলে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং দ্বিতীয়বার পাওয়া গেলে এক বছরের জেল ও দুই হাজার টাকা কারদণ্ডের বিধান রয়েছে। তার পরও এ মাছ বাজারে বিক্রি হচ্ছে। পিরানহা মাছের চাষ ও বিক্রির অভিযোগে এ পর্যন্ত ৮৬টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ৮৩ হাজার ৭২০ টাকা।রূপচাঁদা মাছের মতো দেখতে বলে রাজধানীর কাঁচাবাজারগুলোর বিক্রেতারা রূপচাঁদা হিসেবে ক্রেতাদের কাছে পিরানহা গছিয়ে দেন। পিরানহার সামনের দুটি দাঁত খুবই তীক্ষ।অধিদপ্তরের মহাপরিচালক আরিফ আজাদ বলেন, ‘পিরানহা চাষ হয় মূলত ময়মনসিং ও কুমিল্লায়। আমরা এক মাস ধরে কুমিল্লায় অভিযান চালাচ্ছি। সমস্যা হচ্ছে, এ মাছ গোপনে চাষ হয়। তাই আমরা তা ধরতে পারছি না। সে জন্য আমরা এখন সোর্স নিয়োগ করেছি।’