দারুস সালামে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী হাসপাতাল।
ফাইল ছবি।

রাজধানীর দারুস সালাম এলাকায় বুধবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দারুস সালাম থানাসংলগ্ন ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের সামনে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে দুই পক্ষ পরস্পরের ওপর ইটপাটকেল ছোড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পক্ষ পালিয়ে যায়।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, সংঘর্ষে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।