দারোয়ানকে ছুরি মেরে পেট্রল পাম্পে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি পেট্রলপাম্প ও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে এলিফ্যান্ট রোডে একটি পেট্রলপাম্পের দারোয়ানকে ছুরি মেরে লক্ষাধিক টাকা এবং কচুক্ষেত বাজারের একটি বাসা থেকে স্বর্ণালংকারসহ দেড় লক্ষাধিক টাকা নিয়ে গেছে ডাকাতেরা।পুলিশ সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে পাঁচ-ছয়জন ডাকাত এলিফ্যান্ট রোডে রহমান ফিলিং স্টেশনে ঢোকে। তারা নিরাপত্তাকর্মী বশিরউদ্দিনের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে তাঁর পেটে ছুরিকাঘাত করে। পরে কাউন্টারের তালা ভেঙে এক লাখ সাত হাজার টাকা নিয়ে ডাকাতেরা চলে যায়। ওই নিরাপত্তাকর্মীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পেট্রলপাম্পের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। লুট হওয়া টাকা ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে বুধবার ভোররাতে পাঁচ-ছয়জন ডাকাত ২০৮/৩ পুরাতন কচুক্ষেত বাজারের বাসিন্দা মুস্তাফা সাদিকের বাড়ির সীমানা দেয়াল টপকে দোতলার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে চায়নিজ কুড়াল ও পিস্তলের মুখে বাড়ির সবাইকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এরপর তারা চাবি নিয়ে আলমারি খুলে ২০ হাজার টাকা, চার ভরি স্বর্ণের অলংকারসহ দেড় লাখ টাকা নিয়ে যায়।