দালাল চক্রের খপ্পর থেকে তিন কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজধানীর ইন্দিরা রোডের একটি বাড়িতে আটক রাখা তিন কিশোরীকে গত শুক্রবার রাতে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, একটি দালাল চক্র ওই তিন কিশোরীকে আটক করে অনৈতিক কাজ করতে বাধ্য করেছিল। এ ঘটনায় মামলা হয়েছে।পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের সদস্যরা শুক্রবার রাতে রাজধানীর ইন্দিরা রোডের একটি বাড়িতে অভিযান চালান। ওই বাড়ি থেকে আবুল হোসেন (৪৫), নার্গিস (২৮) ও সেলিম মণ্ডল (৪৫) নামের তিন নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং সালমা (১৫), জরিনা (১৭) ও তানিয়া (১৬) নামের তিন কিশোরীকে উদ্ধার করে পুলিশ।আটক থাকা কিশোরীরা জানায়, কিছুদিন আগে শরীয়তপুরের জাজিরা নাওডুবা গ্রাম থেকে কিশোরী তানিয়া শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বেড়াতে আসে। সেখান থেকে আবুল হোসেন ও তাঁর সহযোগীরা ফুসলিয়ে তাকে ইন্দিরা রোডের বাসায় নিয়ে যান। সেখানে আটকে রেখে তানিয়াকে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করেন। সে রাজি না হওয়ায় তার ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়। কিশোরীরা জানায়, তাদের সারাক্ষণ বাসায় তালাবদ্ধ করে রাখা হতো। সেখান থেকে তারা পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পালানোর কথা জানতে পেরে দালালদের একজন তানিয়ার মাথার চুলও কেটে দিয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম আজাদ খান প্রথম আলোকে বলেন, এ চক্রটি তানিয়ার মতো চাকরি দেওয়ার কথা বলে সালমা ও জরিনা নামের আরও দুই কিশোরীকে গ্রাম থেকে ঢাকায় এনে অনৈতিক কাজ করতে বাধ্য করে।এ ঘটনায় গ্রেপ্তার করা তিনজনকে সাত দিনের রিমান্ড চেয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তানিয়ার বাবা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছেন।