স্বাধীনতাযুদ্ধের সাড়ে নয় মাসে বাংলাদেশের বিরোধিতা করে কারা, কী বলেছিলেন, কোন সংবাদপত্রের কী ভূমিকা ছিল, বই আকারে তা ছাপা হয়েছে। সাড়ে ৬০০ পৃষ্ঠার এই বিশাল গবেষণা বইটির নাম সংবাদপত্রে মুক্তিযুদ্ধের বিরোধিতা: একাত্তরের ঘাতকদের জবান জুলুম ষড়যন্ত্র চিত্র।বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) গতকাল শনিবার বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। প্রকাশনা অনুষ্ঠানে আলোচকদের প্রায় সবাই বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে দালিলিক প্রমাণ হিসেবে বইটি কাজে লাগবে।অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে ইয়াহিয়া খান ও জামায়াতের নেতারা ধর্মের অপব্যাখ্যা দিয়েছিলেন, মিথ্যাচার করেছিলেন, হত্যাযজ্ঞ সমর্থন করেছিলেন এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছিলেন। আর এখন বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একই কাজ করছেন। তথ্যমন্ত্রী বলেন, বইটি বাংলাদেশকে সত্যের মুখোমুখি দাঁড় করাতে সহায়তা করবে। বইটিতে দৈনিক ইত্তেফাক, দৈনিক পাকিস্তান, দৈনিক পূর্বদেশ ও দৈনিক সংগ্রাম-এর ৭৯৭টি প্রতিবেদন এবং ৯৪টি সম্পাদকীয় ও উপসম্পাদকীয় স্থান পেয়েছে।অনুষ্ঠানের বিশেষ অতিথি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলার প্রেক্ষাপটে উপযুক্ত সময়ে বইটি প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউমারারি অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, যুদ্ধের সময় নটর ডেম কলেজের সাইক্লোস্টাইল যন্ত্র চুরি করেন কিছু ছাত্র। যন্ত্র দিয়ে তাঁরা পত্রিকা ছাপাতেন। যুদ্ধ শেষে তাঁরা যন্ত্রটি ফেরতও দেন। প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, যুদ্ধের বৈরী সময়ে অনেকে সংবাদপত্র প্রকাশ করেছেন। তাদের এক হাতে কলম ছিল, অন্য হতে অস্ত্র। সেই সব সংবাদপত্রের ইতিহাসও মানুষের সামনে তুলে ধরা দরকার।বইটি সম্পাদনা করেছেন পিআইবির মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস। বইয়ের ইতিবৃত্ত তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার বিরোধিতা কীভাবে হয়েছিল, কেন হয়েছিল, এই বইয়ে তা স্পষ্ট।পিআইবির চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউমারারি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সংবাদ সংস্থা এপির বাংলাদেশের ব্যুরো-প্রধান ফরিদ হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান মিয়া ও নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু।