পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওই এলাকার বিভিন্ন গুদামে রক্ষিত দাহ্য রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল গুদামগুলো স্থানান্তরের জন্য সরকার দুই মাস সময় বেঁধে দেয়। আগামী ১৭ আগস্ট সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হবে।কিন্তু এত অল্প সময়ের মধ্যে দীর্ঘদিনের ব্যবসা স্থানান্তর করা সম্ভব নয় উল্লেখ করে সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। এ ব্যাপারে তাঁরা শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেছেন। তাঁরা আরও বলেছেন, সব রাসায়নিক উপাদান দাহ্য না হলেও এ বিষয়ে আতঙ্ক সৃষ্টি করে ব্যবসায়ী-শিল্পপতিদের হয়রানি করা হচ্ছে।অন্যদিকে শিল্পমন্ত্রী বলেছেন, দাহ্য কেমিক্যাল জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পুরান ঢাকার দাহ্য কেমিক্যালের গুদামগুলো স্থানান্তরের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধি সরকারের জন্য অত্যন্ত কঠিন। তবে পুরান ঢাকার ব্যবসা ও শিল্পের স্বার্থে এলাকার ব্যবসায়ী-শিল্পপতিরা কোনো সমন্বিত পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে সরকার এ বিষয়ে সর্বাত্মক সহায়তা দেবে বলে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘পুরাতন ঢাকার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খানের সভাপতিত্বে সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন ও সাবেক সাংসদ আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী এম এ সাত্তার।আলোচনায় অংশ নেন ডিসিসিআইয়ের সাবেক সভাপতি বেনজির আহমেদ, পরিচালক আসিফ ইব্রাহিম, সাবেক পরিচালক মো. আবদুস ছালাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সভাপতি মো. নাসিরউদ্দিন, কেমিক্যাল ব্যবসায়ী শহীদুল্লাহ মিয়া প্রমুখ।প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের দাম স্থিতিশীল রাখার জন্য পুরান ঢাকাসহ দেশের সব ব্যবসায়ীর সহায়তা কামনা করেন। তিনি বলেন, রমজানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও স্পর্শকাতর খাদ্য উপাদান চিনি। তাই সরকার রোজাদারদের সুবিধার্থে চিনির দাম মিলগেটে প্রতি কেজি ৪৫ টাকা থেকে কমিয়ে ৪৩ টাকা নির্ধারণ করেছে। সরকার নির্ধারিত এ মূল্যের প্রতি লক্ষ রেখে খুচরা ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে চিনি বিক্রি করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পুরান ঢাকার ভূমিকা গুরুত্ব্বপূর্ণ। এই এলাকার উৎপাদিত ও বাজারজাত বহুবিধ সামগ্রী বাংলাদেশের বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহত হয়ে আসছে। তিনি এ এলাকার ব্যবসা-বাণিজ্য ও ক্ষুদ্র শিল্পের অব্যাহত প্রবৃদ্ধির জন্য স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন করতে হবে। তিনি ব্যবসায়ীদের ফায়ার লাইসেন্স প্রাপ্তির বিষয়ে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।সভায় উপস্থিত ব্যবসায়ী শিল্পপতিরা আসন্ন রমজানে ব্যবসায়ীদের সুবিধার্থে পুরান ঢাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো শনিবার চালু রাখার অনুমতি দিতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক আর্থসামাজিক প্রবৃদ্ধির ক্ষেত্রে পুরান ঢাকার ব্যবসায়ী-শিল্পপতিদের উল্লেখযোগ্য অবদান থাকলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। তাঁরা বলেন, পুরান ঢাকার শিল্প কারখানা স্থানান্তর করতে হলে আগে একটি সর্বাত্মক জরিপ করা জরুরি। তাঁরা পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্য ও ঐতিহ্য সংরক্ষণ করে একটি পরিকল্পিত ঢাকা সিটি তৈরির উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান।