দায়মুক্তির আইন করে দেশবাসীর গলায় কুইক রেন্টালের ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত এক আলোচনা সভায় বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশের উৎপাদনক্ষম বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে পর্যাপ্ত উৎপাদন, বন্ধ বিদ্যুৎকেন্দ্রগুলো মেরামত, নবায়ন ও সমপ্রসারণ এবং পর্যাপ্ত গ্যাস উত্তোলনের ব্যবস্থা করে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার পুরানা পল্টনের মুক্তি ভবনে ‘বিদ্যুৎ সংকট মোকাবেলায় আশু করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষজ্ঞসহ সাংবাদিক, রাজনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, অতীতের সরকারগুলো বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বর্তমান সরকার কিছু ব্যবস্থা নিলেও তারা রাষ্ট্রীয় খাতকে প্রাধান্য দিচ্ছে না। উল্টো তারা দায়মুক্তির আইন করে দেশবাসীর গলায় কুইক রেন্টালের ফাঁস পরিয়েছে। তাঁরা অবিলম্বে ব্যয়বহুল এসব কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি জানিয়ে বলেন, শুরুতেই রাষ্ট্রীয় বিদ্যুৎকেন্দ্রগুলো মেরামত এবং নবায়নের উদ্যোগ নিলে কুইক রেন্টালের প্রয়োজন হতো না। সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত শিল্প-কারখানায় বিদ্যুৎ বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে বক্তারা বলেন, এই সিদ্ধান্ত দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাঁরা প্রশ্ন তোলেন, এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালের দিন ছয় হাজার ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলে এখন কেন চার হাজার মেগাওয়াট উৎপাদিত হচ্ছে?তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহিদুল্লাহ কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র বন্ধে এবং খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে আইন প্রণয়নের জন্য স্বেচ্ছাপ্রণোদিত (সুয়োমোটো) রুল জারি করার জন্য উচ্চ আদালতের প্রতি অনুরোধ জানান। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, বিদ্যুৎ উৎপাদন-ব্যয় কমাতে হলে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নয়, গ্যাসভিত্তিক উৎপাদন বাড়াতে হবে।ট্রানজিটের জন্য গঠিত সরকারি কোর কমিটির সদস্য বি ডি রহমত উল্লাহ বলেন, বড় দলগুলোর চাঁদার উৎস বিদ্যুৎ ও জ্বালানি খাত। সে জন্য সরকার ইচ্ছা করে বিদ্যুৎ-সংকট জিইয়ে রেখেছে। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, লুটপাট, দুর্নীতি আর ভুলনীতির কারণে বিদ্যুৎ উৎপাদন-ব্যয় বাড়ে। এর দায় সাধারণ জনগণ নিতে পারে না। বন্ধ কূপ থেকে গ্যাস উত্তোলন এবং সুনেত্র ও রশিদপুর থেকে গ্যাস উত্তোলনের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হলে দেশে কোনো গ্যাস-সংকট থাকবে না বলে তিনি দাবি করেন।সাত দিন বিদ্যুৎ বন্ধ রাখা সম্পর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামপ্রতিক বক্তব্যকে ‘জাতীয় রসিকতা’ বলে মন্তব্য করেন কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, অতীতের সরকারগুলোর মতো বর্তমান সরকারও ‘জাতীয় মূল্যবৃদ্ধির’ সরকার। সভাপতির বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বিদ্যুৎ-সংকট অবধারিত ছিল না। দেশি-বিদেশি স্বার্থবাদী বহুজাতিক কোম্পানির স্বার্থে বিদ্যুৎ-সংকট তৈরি করা হয়েছে। এই সমস্যার সমাধানে বাম প্রগতিশীল শক্তিকে আন্দোলন গড়ে তুলতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক শহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, বজলুর রশিদ, সিপিবির নেতা রুহিন হোসেন প্রমুখ।