দায়িত্ব এটিএমে টাকা রাখা, করতেন ‘আত্মসাৎ’
দায়িত্ব ছিল এটিএমে টাকা রাখা। তাঁরা রাখতেনও। কিন্তু এ কাজে আশ্রয় নিতেন ভিন্ন কৌশল। ফলে কোনো গ্রাহক বুথ থেকে টাকা তুলতে গেলে পড়তেন বিপত্তিতে। টাকা বের না হয়ে জমা হতো এটিএমের পার্সবিনে। পরে সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে করা হতো আত্মসাৎ।
আজ রোববার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব। এটিএমের অর্থ আত্মসাতে জড়িত সন্দেহে আগের দিন শনিবার রাজধানীর মিরপুর, হাজারীবাগ, যাত্রাবাড়ী ও বাড্ডা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রহমান, তারেক আজিজ, তাহমিদ উদ্দিন পাঠান, রবিউল হাসান, হাবিবুর রহমান, কামরুল হাসান, সুজন মিয়া ও আবদুল কাদের। র্যাব বলছে, তাঁরা সবাই গার্ডা শিল্ড নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী। প্রতিষ্ঠানটি ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা রাখা ও তদারকির কাজে নিযুক্ত ছিল।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, বিভিন্ন সময় ব্যাংকের হিসাব পর্যালোচনায় দেখা যায়, গ্রাহকেরা টাকা পাচ্ছেন না। তবে ব্যাংকিং চ্যানেল বলছে, টাকা চলে গেছে। এই গরমিলের পরিমাণ দিন দিন বাড়ছিল। এ নিয়ে অভিযোগ অনুসন্ধান করতে গিয়েই ধরা পড়ে জালিয়াতির বিষয়টি।
জালিয়াত চক্রের প্রধান গ্রেপ্তার আবদুর রহমান। চক্রের আরও ১২ জন পলাতক।
চক্রটি গত ছয় মাসে ডাচ্-বাংলা ব্যাংকের ২৩১টি এটিএম বুথ থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, অর্থ লেনদেনে গরমিল পাওয়ার কারণে এক বছর আগে জি-ফোর নামে একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে ব্যাংকটি। পরে গার্ডা শিল্ডকে দায়িত্ব দেওয়া হয়।
এর পরও জালিয়াতি বন্ধ হয়নি উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, ব্যাংকটি চুক্তি বাতিল করলেও আগের প্রতিষ্ঠানের কর্মীদেরই নিয়োগ দেয় নতুন প্রতিষ্ঠান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দুই থেকে তিন বছর আগে একসঙ্গে চাকরি করার সুবাদে পরিচিত হন। সমমনাদের নিয়ে আবদুর রহমান একটি চক্র গড়ে তোলেন। সাবেক এক সহকর্মীর কাছ থেকে বিষয়টি রপ্ত করেন তিনি।
এ ঘটনায় গত রাতে কাফরুল থানায় গার্ডা শিল্ড একটি মামলা করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।