দায়িত্ব ছাড়তে বললেন মেনন রোকেয়া আপিল করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগমকে অপসারণ করা নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ছিল অস্বস্তিকর পরিবেশ। গত বুধবার হাইকোর্ট রোকেয়া আক্তারের রিট আবেদন খারিজ করে দেওয়ার পরদিনই গতকাল সাংসদ রাশেদ খান মেনন তাঁকে সরিয়ে দিতে কলেজে যান। জনাব মেনন কয়েকজন শিক্ষকের মাধ্যমে রোকেয়া আক্তারের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বার্তা পাঠান।কিন্তু রোকেয়া আক্তার সাংবাদিকদের বলেছেন, তিনি রায়ের অনুলিপি হাতে পাননি। এ ছাড়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। তাই আইনি প্রক্রিয়া শেষ না হলে তিনি দায়িত্ব বুঝিয়ে দিতে পারেন না। গতকাল অধ্যক্ষের কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে কলেজে যান সাংসদ মেনন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিচালনা পরিষদের কয়েকজন সদস্য ও পুলিশ। দুপুর আড়াইটার দিকে কলেজের সেমিনার কক্ষ ও অধ্যক্ষের কক্ষের মধ্যে সংযোগকারী দরজায় নতুন তালা লাগিয়ে দেয় পরিচালনা পরিষদ। রাশেদ খান মেনন সাংবাদিকদের জানান, হাইকোর্ট পরিচালনা পরিষদের পক্ষে রায় দেওয়ার ফলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার থাকতে পারবেন না। রায়ের বিরুদ্ধে আপিল করার অজুহাত দেখিয়ে তিনি দায়িত্ব হস্তান্তর করছেন না। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এক ফ্যাক্সবার্তায় গতকালই রোকেয়া আক্তারের পরিবর্তে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শায়লা আহমেদের নিয়োগ অনুমোদন করেছেন। তবে কলেজের কয়েকজন শিক্ষক ঢাকা বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, রায়ের অনুলিপি হাতে না পেয়ে মাত্র এক দিনের মধ্যে বোর্ডের এ ধরনের আদেশ জারি রহস্যজনক।