দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পুলিশের ৬ সদস্যকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি না নিয়ে মিটফোর্ড এলাকায় যাওয়ায় দুই পুলিশ পরিদর্শকসহ ছয়জনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার এই ছয়জনের মধ্যে তিনজনকে ধরে পিটুনি দেন মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ীরা। তাঁরা রাস্তায় নেমে ডিবির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বিক্ষোভ করেন।এ ঘটনার পর থেকে মিটফোর্ড ও বাবুবাজার এলাকার প্রায় তিন হাজার ওষুধ ব্যবসায়ী আতঙ্কে রয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ওষুধ ও সার্জিক্যাল মার্কেটের ব্যবসায়ীরা দোকান না খুলে ডিবি পুলিশের আতঙ্কে এদিক-সেদিক ঘোরাফেরা করতে থাকেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা ‘আটক ও পুলিশি হয়রানি করা হবে না’ বলে আশ্বাস দিলে তাঁরা দোকান খুলতে শুরু করেন।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ডিবির পরিদর্শক আশরাফুজ্জামান ও বজলুর রহমান চারজন কনস্টেবল নিয়ে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার অনুমোদন না নিয়েই ওই এলাকায় গিয়েছিলেন। ডিবির নিয়ম হলো, কোনো অভিযানে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার বা সহকারী কমিশনারের অনুমোদন নিতে হয়। কিন্তু এখানে তা মানা হয়নি। তাই তাঁদের ছয়জনকেই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।মিটফোর্ড এলাকার মমতাজ মার্কেটের ওষুধ ব্যবসায়ী রমজান আলী জানান, গত সোমবার ঘটনার পর অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে যান। গতকাল মঙ্গলবার ওষুধের দোকানগুলো খুললেও বেচাকেনা হচ্ছে না এবং ক্রেতাদের উপস্থিতি কম। ভান্ডারিয়া মার্কেট, হোসেন মার্কেট ও কাজল মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, গ্রেপ্তার আতঙ্কে অনেক দোকানমালিক দোকানে না এসে কর্মচারী দিয়ে ব্যবসা চালাচ্ছেন।বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডেপুটি সেক্রেটারি এ এস এম মনির হোসেন প্রথম আলোকে জানান, পুলিশের উৎকোচ গ্রহণ ও প্রতিকার চেয়ে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে গত ২৬ জুন পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে আবেদন করা হয়। আবেদনে অবৈধ ওষুধ উদ্ধার অভিযানের সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতা নেওয়ার অনুরোধ জানানো হয়। তিনি বলেন, ‘এসব সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা পুলিশের ডিআইজি অ্যাডমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পরও এর কোনো প্রতিকার হয়নি। আমাদের ব্যবসায়ীদের দাবি, যেসব অসাধু ব্যবসায়ী মাদক ও নেশাজাতীয় ওষুধ বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধে ডিবি পুলিশ অভিযান চালালে আমরা সাধুবাদ জানাই। কিন্তু ডিবি পুলিশ ঢালাওভাবে ওষুধ ব্যবসায়ীদের অহেতুক হয়রানি ও চাঁদাবাজি করবে—এটা মেনে নেওয়া যায় না।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বলেন, সোমবারের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনার পর কেউ কোনো অভিযোগ দেয়নি। কোনো মামলা হয়নি।