দায়িত্ব নিচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য নেওয়া ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানকে না দিয়ে সরকার নিজেই বাস্তবায়নের চিন্তাভাবনা করছে।এ প্রকল্পের কাঠামো ইতিমধ্যে তৈরি হওয়ায় নতুন বিনিয়োগকারী নিয়োগে দরপত্র আহ্বান করে আর সময়ক্ষেপণ করতে চায় না সরকার। এ বিষয়ে আলোচনা করতে আজ সোমবার অর্থমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ প্রকল্পের মেয়াদ তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার ভূমি মন্ত্রণালয়ে ভাষানটেক প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এসব বিষয় আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বৈঠকের ব্যাপারে জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী গতকাল প্রথম আলোকে বলেন, আগামী ডিসেম্বরে এ প্রকল্পের মেয়াদ শেষ হবে। সে ক্ষেত্রে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পে বসবাসকারীরা আদৌ বস্তিবাসী কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা রাজধানীর ১৫ হাজার প্রকৃত বস্তিবাসীকে এখানে ফ্ল্যাট বরাদ্দ দেব। বস্তিবাসীদের কাছে এসব ফ্ল্যাট বিক্রির জন্য শর্তগুলো আরও সহজ করা হবে।’বৈঠক সূত্র জানায়, ২০১৩ সালের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে। কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নির্ধারণে শিগগির একটি আন্তমন্ত্রণালয় সভা করা হবে। প্রকল্পের দায় ও দেনা নির্ধারণে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। কমিটি আজ সোমবারের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে। বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (এনএসপিডিএল) বিনিয়োগ কত, তারা কত টাকা এ প্রকল্প থেকে নিয়েছে, তা কমিটি খতিয়ে দেখবে। সূত্র জানায়, চুক্তি সম্পাদনের পাঁচ বছরের মধ্যে এ প্রকল্প সম্পাদনের কথা ছিল। তবে সাত বছর পার হতে চললেও ভাষানটেক বস্তি এলাকা থেকে উচ্ছেদকৃত মানুষদের এখনো পুনর্বাসন করা হয়নি। বিনিয়োগকারী প্রতিষ্ঠান বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য গৃহীত এ প্রকল্পের অনুমোদিত নকশার বাইরে অন্য স্থাপনা নির্মাণ করেছে। বেশি মূল্যে ফ্ল্যাট বিক্রির জন্য তারা সেখানে ব্যায়ামাগার, সাইবার ক্যাফে, ওয়াশিং প্ল্যান্ট, এনএসপিডিএল ক্যাটারিং সেন্টার স্থাপন করে। এ ছাড়া প্রকল্প এলাকায় তিন তারকা হোটেলের সাইনবোর্ডও টাঙিয়ে রাখা হয়েছে।বৈঠকে জানানো হয়, বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ৪.৫ ধারা লঙ্ঘন করে ভূমি মন্ত্রণালয়কে উপেক্ষা করে ইচ্ছেমতো সুবিধাভোগীদের ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে। এ বিষয়ে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা গতকাল প্রথম আলোকে বলেন, চুক্তির সব শর্ত ভঙ্গ করায় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এনএসপিডিএলের সঙ্গে করা চুক্তি বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা এখন রাজনৈতিক ও প্রশাসনিকভাবে এগোব।’ ভাষানটেক পুনর্বাসন প্রকল্প: অপরিকল্পিতভাবে রাজধানীতে যাতে কোনো বস্তি গড়ে না ওঠে, সে জন্যই ‘ঢাকা মহানগরের ছিন্নমূল বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য রাজধানীর সরকারি জমিতে বহুতলবিশিষ্ট ভবনে পুনর্বাসন’ নামে ভাষানটেক পুনর্বাসন প্রকল্প শুরু হয়। প্রতিযোগিতামূলক দরপত্রের ভিত্তিতে নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড ২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি বেসরকারি বিনিয়োগকারী হিসেবে নির্বাচিত হয়।মিরপুর ১৫ নম্বর সেকশনের ভাষানটেকের থামালতোট ও লালাসরাই মৌজায় ৪৭ দশমিক ৯০ একর সরকারি জায়গায় এ প্রকল্প অবস্থিত। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় ও এনএসপিডিএলের মধ্যে চুক্তি সই হয়। ২০০৪ সালের ১০ জানুয়ারি সরকার এ প্রতিষ্ঠানকে জমি হস্তান্তর করে ও কার্যাদেশ দেয়। চুক্তি অনুযায়ী এ প্রকল্পে মোট ১২ হাজার ৬০০টি ফ্ল্যাট নির্মাণের কথা। প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩৫০ কোটি টাকা। কিন্তু বর্তমানে এর ব্যয় এক হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।