দিনবদলের সেদমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখতার জাহান
আখতার জাহান
আখতার জাহান, পেশায় গৃহিণী। জন্ম পুরান ঢাকার আমলিগোলায়। থাকেন সুবল দাস রোডে। গত শনিবার আজিমপুরের ওয়েস্ট এন্ড হাইস্কুলে ‘পাঠকের মুখোমুখি প্রথম আলো’ অনুষ্ঠানে স্বতঃপ্রণোদিত হয়ে অংশ নেন তিনি। অনুষ্ঠানে ঢাকাইয়া ভাষায় প্রিয় ঢাকা শহরকে নিয়ে নিজের একটি লেখা পড়ে শোনান তিনি। প্রথম আলোর পাঠকদের জন্য লেখাটি প্রকাশিত হলো

আমার এই সিনার উপরে কত বন-জঙ্গল, গাছগাছালি, টিলা-টক্কর আর তরতাজা কাটাল গাঙ, ফসলের খেত আছিল। চাইরো দিকে সবই জ্যাতা। ওই ওক্তে মরা ভার আমার সিনায় চাইপা বহে নাই। সবদিকে হাওয়াবাতাস—দক্ষিণা, উত্তইরা, পূবালী আর পশ্চিমা। ছোট ছোট পোলাপানবি চিনত।

জাগায়-জাগায় কত তালাও আছিল। কেউ কইত তৌলা। আমার এই সিনায় পানির আকাল আছিল না, বাড়ি বাড়ি কুয়া আছিল। বরষাতে কুয়া ভইরা যাইত। কুয়ায় হাত দিয়া পানি ছুঁওন যাইত। মাটির ঘর আর খরপার বেড়ার ঘর আছিল। সব নাজুক মনের মাটির মানুষ, এত প‍্যাঁচ ওই মানুষগো ভিতরে আছিল না।

আগে আমার কী নাম আছিল, অখন আমার মনে নাই। আমার এই নামটা লিয়াবি বহুত মানুষের বহুত মত। আমার এই নামটা কেমতে অইছে ওই প্যাঁচালে আমি যামু না। মাগার আমি আমার এই নামটারে বহুত মহব্বত করি, ফকরবি করি। এই নাম রাখনের আগেবি আমি বহুত সোন্দর আছিলাম। আমার এই কলিজার ভিতরে সবতের বিন্দাস জাগা আছিল। আমি অখন বুড়া অয়া গেছি। আমার উপরে যে জুলুম-সিতিম অইছে আর অইতাছে, আমি যদি চোখের পানি ফালাইবার পারতাম তাইলে একটা সমুন্দর হয়া যাইত। এই লালচ—লালচি, মাইনষের লালচই আমারে আইজকা মউতের দরজায় আইনা খাড়া কইরা দিছে। রাইত আহে না পাহাড় আহে। আমি বেচুইন হয়া সারা রাইত সোচ করি, বিহানের সুরুজ দেখবার নসিব আমার হইব? সারা দিন সোচ করি, রাইতের চান্দের লগে আমার মোলাকাত অইব? আমারে কুনো কসুরবান ঠাওরায়েন না। আমার কুনো কসুর নাই। আমার বিতা জিন্দেগানি কি নিধান্দা, কি বেফিকির আর সোন্দর আছিল! চাইরোদিকে খালি সুকুন আর সুকুন (সুখ)।

মাটির ঘরের মাটির মানুষের পোলাপানগো বিহানে ঘুম ভাঙত পুবের সুরুজের রশ্নির ওমে। আর বড়গো ঘুম ভাঙত সুবহসাদেকের বেহেস্তি হাওয়ার ঠান্ডায়। আমি কি কসুর করছি? আমার এই সাজা!

আমার সিনা থেকা কত জীবজন্তু, গাছগাছালি, ফুলফলের নাম হারায়া গেছে। অগো কথা মনে হইলে আমার কলিজাটা জ্বলে। আমার কাছে সবতে সমান। জাত-পাত, ধর্মী-বিধর্মী সব মানুষের গুঞ্জিস এই সিনায়। কেউরে ফালাই না। ফালায়া দেওনের এখতিয়ারও আমার নাই।

আমারে চিনবার পারেন? পারেন নাই? আরে আমি ঢাকা। ঢাকা শহর। বাংলাদেশের রাজধানী। যিমুন দুনিয়ার সব শহরের জনম অইছে গাঙ্গের প্যাট থেকা, আমারবি জনম অইছে বুড়িগঙ্গার প্যাট থেকা। বুড়িগঙ্গা আমার মা। ঢাকা শহর বুড়িগঙ্গার আওলাদ। মা অখন মরনের রাস্তায়।

আমারে যে আপনেরা চিনবার পারেন নাই, এইটার লেগা আমার দিলে কুনো চোট লাগে নাই। আমার অখন যে হালত, আপনেরা আমারে চিনবেন কেমতে? জানেন, আমার দিলে বহুত সেদমা (কষ্ট)।

অখন মানুষ বৃক্ষমেলা করে, গাছ লাগাইবার কয়। আরে! আমার সিনায় সব ওক্তে বৃক্ষমেলা লাইগা থাকত। বীজ পড়লেই আমার সিনা কত বৃক্ষ উগলাইত। জিতা-জাগতা (জ্যান্ত) গাছগাছালি কাইটা মরা ইটা-সিমেন্টের উচা উচা বিল্ডিং আমার সিনায় চাপায়া দিছে। আমারে কাঙাল বানায়া দিছে কুদরতি খাজানা গারদ কইরা। আমি নিশ্বাস লিবার পারি না। আমার বহুত ফাঁপর লাগে। কুদরতের দান সব সাপা। হাওয়া-বাতাস মাথা কুইটা মরে ওই বালু সিমেন্টের গতরে। ওই পূর্ণিমার চান অর চান্নি রাইতের চান্নি ছড়ায়া দিবার পারে না মানুষের নাজুক গতরে। আগের মানুষ এত তেন্দর আছিল না। আল্লা মালুম, কবে জানি আমার নামটা হারায়া ফালাই বোম্বাই আর রেঙ্গুনের মতন। অখনবি তো আমি আমার ভিতরে নাই। আমি আমারে হারায়া ফালাইছি। আমি আমার এই ঢাকা নামটারে বহুত মহব্বত করি। মানুষরাবি করে। হিন্দুগো ঢাকা ঢাক আর ঢাকেশ্বরীর কথা কয়। মোসলমানগো ঢাকা কিমুন আব্ররুদার নাম।

আগে কত ম্যাঘ ঝরত আমার এই সিনায়। কলিজাটা কত তস আছিল। অখন সব হুকনা খটখটা। অখন এইখানে সব ভেজাল। নকলের চাদ্দরে সব ঢাইকা গেছে। এইখানে কুদরতি কিছু নাই। আমি অখন গিজগিজা মানুষ ছাড়া কুদরতি সব কিছুত থেকা বহুত দূরে।

একটা ঘটনা কই, হুনেন। একদিন এক ইশকুলে থ্রি কেলাসের পোলাপানগো মাস্টার রচনা লেখবার দিল—‘তোমাগো বিহানে ঘুম কেমতে ভাঙে?’ মোসলমান ছাত্র লেখল, আজানের সুমধুর আওয়াজে। হিন্দু ছাত্র লেখল, ঘণ্টার ঢং ঢং আওয়াজে। খ্রিষ্টান ছাত্রবি লেখছে, ঘণ্টার আওয়াজে। কয়েকজন ছাত্র বিজ্ঞানরে মনে কইরা লেখছে, মোবাইলের অ্যালার্ম হুইনা। এই দলে হিন্দু-মোসলমান সবতে আছিল। ধর্মনিরপেক্ষ জবাব লেখছে! মাগার আল্লাহর কুদরত ভুইলা গেছে। কুদরতি ডাক মোরগের ডাক। অখন সোচ কইরা দেখেন, আমি কুদরত থেকা কতদূরে?

আহা! আমার মৌসুমের কী বাহার আছিল! অখন আমি ছয় ঋতুর মুখ দেখি না। কেমতে আহে কেমতে যায় মালুম পাই না। বিতাদিনের কথা মনে অইলে দিলের ভিতরে খালি গুমরায়। ইমুনকি ঢাকাইয়া গাইলগুনিবি আমার কানে আহে না। সবতে আগে কত গাইল পারত। আহা! একটা কথা তিনটা গাইল! কই গেল?

আরেকটা সেদমার কথা কই। অখন পোলাপানরা আমার সিনায় উইঠা খেলে না। মাঠ পাইব কই? উচা উচা বিল্ডিংয়ের ব‍্যালকনির শিকের ফাঁক দিয়া বোবা চোখে টুকটুকায়া চায়া থাকে ফারামের মুরগির মতন। যে চোখে আগে বাড়নের খোয়াব নাই। আমি ডরাই, বহুত ডরাই—ছোট পোলাপানগো বইখাতার বস্তা কান্দে লিয়া গুঁজা অয়া স্কুলে যাইবার দেইখা। গুঁজা অইতে অইতে কবে জানি আবার মানুষ অগো বিতা হালতে ফিরা যায়।

আমি আমার বিতা জিন্দেগানি ফিরা পাইলে বাইচা যাই। আমি সবতেরে লিয়া বাঁচবার চাই। আমারে খালি বড় করতাছেন। আবার আমার সিনা ফাইড়া বানাইছেন নতুন ঢাকা, পুরান ঢাকা। কুনো কিছু ভাগ না করলে বালা লাগে না? বাইদার কাছে ট্যাকা হইলে কাউয়ার ছাও কিনবার চায়! তিলোত্তমা ঢাকা বানাইছেন। আমার যে ফাইটা যাইতাছে, তলায়া দেখছেন? আমি আর বাঁচুম?

অখন সবতে পইড়া লেইখা শিক্ষিত অইছেন। আচ্ছা, আপনেরা আপনেগো ভিতরে আছেন? আমি যিমুন চোখে দেখতাছি, হাপের জিবের মতন আপনেগো লালচের জিব লকলক করতাছে। আপনেরা একজাসা (একটু) নিজের দিকে দেখেন তো! যিমুন কুনো দাগ বিনা পবিত্র হয়া দুনিয়ায় আইছিলেন, ওইটার কিছু বাকি আছে আপনেগো ভিতরে? আপনেগো এই নাফরমানি কামের কিমত (মূল্য) আমি দিতাছি, এইটা বুঝনের কোশিস (চেষ্টা) করেন। নিজেগো শুদরান, ফায়দা পাইবেন। আমি বিনে আপনেরা সব ঝুটা হয়া যাইবেন। আইতাছে, ওই যে সামনে জুলমত। হাওয়া, সব হাওয়া হয়া যাইব। আমি সহিসালামত তো, আপনেরাও আছেন।

আমি হুনতাছি, দুনিয়ায় যত শহর আছে, অগো ভিতরে আমি বোলে মানুষরে আমার সিনায় সাহারা (আশ্রয়) দেওনের লায়েক থাকতাছি না। আমার হালত এতই খরাব অয়া গেছে। আমি আমার এই হালতের লেগা আপনেগো কসুরবান (দায়ী) ঠাওরাইতাছি। আপনেরা আমার সব কুদরতি হক কাইড়া লিয়া আমার সব গুমান, ইমুনকি আমারেবি ভাইঙ্গাচুইরা ফরদা-ফরাক কইরা দিছেন।

যারা গুজরায়া গেছে (মারা গেছে) অগোবি আমি আমার এই ধুলাবালি-বাতাসে সামলায়া রাখছিলাম। মাগার যে হাওয়া-বাতাস আমার জিতা-জাগতা আওলাদরে দিবার পারতাছি না, যারা গুজরায়া গেছে অগো আর কী দিমু? এ কথা কেউ লেখব না। সবতে বড় বড় ঘটনার পোঁটলা বাইন্দা রাখব। মাগার ছোট ছোট বহুত ঘটনা আছে যা দেখবার আমার দিল তড়পায়, আমার দিলটা কান্দে।

বদলানের আপনেরা কী দেখছেন? দেখছি আমি। বদলাইব এইটা হাচা, মাগার যে বদলান মউতের পয়গাম লিয়া আইতাছে; তারে ডরামু না কেলা? আমার ডর লাগে, বহুত ডর লাগে। আমি কী করুম? কেমতে বাঁচুম? এখন বোলে আপনেরা পড়ালেখা কইরা শিক্ষিত হইছেন। আপনেগো ভিতরে বহুত এলেম। এই যে এলেমদার মানুষ! আমার বাইচা থাকনের রাস্তাটা আমারে একজাসা বাতলায়া দিবেন?