সহশিক্ষা চালু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবি
দিনভর সড়ক আটকে বিক্ষোভ গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের

সহশিক্ষা (কো-এডুকেশন) চালু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হওয়ার দাবিতে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কলেজের ছাত্রীরা নীলক্ষেত-নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে নিজেদের দাবির কথা জানান। এ সময় নিউমার্কেট ও আজিমপুর এলাকায় যান চলাচল বন্ধ ছিল। আজিমপুর বাসস্ট্যান্ড থেকে এই সড়কে কোনো গাড়ি ছেড়ে যেতে পারেনি। এর ফলে সাপ্তাহিক ছুটি হওয়া সত্ত্বেও মিরপুর রোডে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
ছাত্রীরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে সকাল নয়টার দিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান গার্হস্থ্য অর্থনীতি কলেজে আসেন। এ সময় কলেজের ছাত্রীরা তাঁর কাছে গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবি জানান। তাঁরা জানতে চান, এটি আদৌ ইনস্টিটিউট হবে কি না। জবাবে মহাপরিচালক শিক্ষার্থীদের বলেন যে তিনি আলোচনা করে জানাবেন। কিন্তু এতে ছাত্রীরা সন্তুষ্ট না হয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখেন ও কলেজের ভেতরে বিক্ষোভ শুরু করেন।
পরে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল করে ছাত্রীরা নীলক্ষেত-নিউমার্কেট মোড়ে অবস্থান নেন। তাঁরা সড়কে বসে যান। বিকেল সাড়ে পাঁচটার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ছাত্রীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন তাঁরা সড়ক অবরোধ করবেন।
অবরোধ শেষে আন্দোলনকারী ছাত্রী ইসরাত জাহান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে এ দাবিতে আন্দোলন করে আসছেন ছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সচিব, মাউশি পরিচালক, কলেজের অধ্যক্ষ কাউকে দাবি জানানোর বাকি নেই। কিন্তু কেউ স্পষ্ট করে কিছু বলছেন না। ফলে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় না পেয়ে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, প্রতিদিন কলেজের মূল ফটকে তালা দেওয়া হবে, পরীক্ষা বন্ধ থাকবে ও নীলক্ষেত মোড় অবরোধ করা হবে।
বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী: এদিকে বিকেলে নীলক্ষেত-পলাশীর মাঝে অবস্থিত ব্যানবেইস ভবনে একটি অনুষ্ঠানে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠান শেষে সেখানেই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন তিনি। খবর পেয়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজের আন্দোলনরত ছাত্রীরা মন্ত্রীর কাছে দাবি জানাতে ব্যানবেইস ভবনের সামনে অবস্থান নেন। সেখানে তাঁরা বিক্ষোভ করেন। পরে আন্দোলনরত কয়েকজনকে ডেকে নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রীরা বিভিন্ন বিষয় বলেছেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহে ছাত্রীদের সঙ্গে কমিটি বসবে। এসব সিদ্ধান্ত জানানোর পর ছাত্রীরা পরে চলে যান।