দিনের অভিযানে রাতের ট্রাক ধরাছোঁয়ার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত তিন দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ পর্যন্ত ১২টি ২০ বছরের বাস-মিনিবাস আটক হলেও লক্কর-ঝক্কর এবং পুরোনো কোনো ট্রাকই জব্দ করা যায়নি। সাধারণত ট্রাকগুলো রাজধানীতে রাতে চলাচল করে বলে এগুলো আটক করা যায়নি। গতকাল সোমবার অভিযানকালে ২০ বছরের পুরোনো ছয়টি বাস আটক করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর দায়ে মোটরযান আইনে আটটি মামলা হয়েছে। এসব মামলার বিপরীতে জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৩৬ হাজার ২০০ টাকা। গতকাল রাজধানীর বিজি প্রেস, শংকর, নটর ডেম কলেজের সামনে, কল্যাণপুর, বিমানবন্দর সড়ক, কলাবাগানসহ আটটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা জানান, দিনের বেলা অভিযান চালানো হয় বলে ট্রাক ধরার সুযোগ নেই। আর দিনে অধিকাংশ পুরোনো বাস বের হচ্ছে না।আদালত সূত্রে জানা গেছে, গতকাল কিছু কিছু স্থানে রুট পারমিটবিহীন বাস পাওয়া গেছে। নটর ডেম কলেজের সামনে আদালত পরিচালনা করেন শাকিল আহম্মেদ। তিনি প্রথম আলোকে জানান, ঢাকা-নেত্রকোনা পথে রুট পারমিট রয়েছে—এমন বাস গুলিস্তানে পাওয়া গেছে। সাধারণত ঢাকা-নেত্রকোনা পথের বাস মহাখালী টার্মিনাল পর্যন্ত আসতে পারে। গতকাল দুপুরে বিজি প্রেস এলাকায় গিয়ে দেখা গেছে, আদালত শুধু হেলমেটবিহীন মোটরসাইকেলচালক, ভুয়া লাইসেন্সধারী চালক ও ফিটনেস সনদবিহীন যানবাহন চালানোর দায়ে জরিমানা করছেন ম্যাজিস্ট্রেট। ওই এলাকায় বাসচালক আবদুর রহিম বলেন, তাঁর লাইসেন্স দিয়ে দীর্ঘদিন ধরে তিনি গাড়ি চালাচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত বলছে, এটি ভুয়া লাইসেন্স। তিনি দাবি করেন, বিআরটিএ থেকে দালালের মাধ্যমে এই লাইসেন্স নিয়েছেন তিনি। এদিকে, র‌্যাব-১-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল আশুলিয়া ও আবদুল্লাহপুর এলাকায় র‌্যাব-১-এর একটি দল চালকসহ আটটি গাড়ি আটক করেছে। প্রয়োজনীয় কাগজপত্র এবং চালকের লাইসেন্স না থাকায় এসব আটক করা হয়।