দিনের বেলা গাড়ি ছিনতাইয়ের চেষ্টা
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে সন্ত্রাসীরা একটি গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা গাড়ির চালক ও এক রিকশাচালককে কুপিয়ে আহত করে।গুরুতর আহত অবস্থায় গাড়িচালক আবদুর রাজ্জাককে (৩৫) জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আহত রিকশাচালক ইসমাইল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে চালক রাজ্জাক তাঁর গাড়ি নিয়ে সেগুনবাগিচা এলাকা দিয়ে যাচ্ছিলেন। রাজস্ব ভবনের সামনে এলে পাঁচ-ছয়জন যুবক একটি গাড়ি দিয়ে তাঁর গাড়িটির পথরোধ করে। রাজ্জাক গাড়ি থামানোমাত্রই যুবকেরা তাদের গাড়ি থেকে বের হয়ে এসে রাজ্জাকের গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এ সময় রাজ্জাক বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় রাজ্জাকের চিৎকার শুনে রিকশাচালক ইসমাইল ছুটে এলে দুর্বৃত্তরা তাঁকেও আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা গাড়িতে করে পালিয়ে যায়। রমনা থানার উপপরিদর্শক মো. মাসুদ জানান, সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ছিনতাইকারীদের পরিত্যক্ত গাড়িটি উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। গাড়ি থেকে দুটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।