দিনের যানজট সন্ধ্যায় বাড়াল বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজটে রাস্তার দুই পাশেই স্থবির হয়ে আছে গাড়ি। গতকাল নটর ডেম কলেজের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো
যানজটে রাস্তার দুই পাশেই স্থবির হয়ে আছে গাড়ি। গতকাল নটর ডেম কলেজের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো

নগরজীবনে যানজটে ভোগান্তি নতুন কিছু নয়। কিন্তু গতকাল তা ছিল চরমে। নার্স ও শিক্ষার্থীদের সড়কে অবস্থানের সঙ্গে যুক্ত হয়েছিল মালিবাগ-মগবাজার উড়ালসড়কের উদ্বোধনী অনুষ্ঠান। এতে করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাতে হয় নগরবাসীকে। উপায় না দেখে অনেকে হেঁটেই গন্তব্যে রওনা দেন। এ অবস্থা বিকেল পর্যন্ত চলে, কিন্তু সন্ধ্যায় বৃষ্টি এলে আবার শুরু হয় যানজট।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে, সিনিয়র স্টাফ নার্স নিয়োগ নিয়ে পিএসসির প্রকাশ করা বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড় প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি। আর সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখেন ধানমন্ডি ২৭ নম্বরের পশ্চিম পাশের মোড়। মালিবাগ-মৌচাক উড়ালসড়ক উদ্বোধন উপলক্ষে কিছু সময় বন্ধ থাকে সাতরাস্তা থেকে মগবাজার সড়ক। এসব সড়ক বন্ধ থাকার প্রভাব পড়ে অন্য সড়কগুলোতে। স্বাভাবিকভাবে অন্য সড়কগুলোতে গাড়ির চাপ বেড়ে যায়।
বনশ্রীতে থাকেন রোকসানা বেগম। ব্যক্তিগত কাজে গতকাল সকালে তিনি ধানমন্ডি এসেছিলেন। বাসায় ফিরতে বেলা সোয়া দুইটায় ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে উঠেছেন। কিন্তু এক ঘণ্টা পরও ধানমন্ডি পার হতে পারেননি। ধানমন্ডির ৩ নম্বর সড়কে যানজটে আটকে থাকেন আধা ঘণ্টা। বিরক্ত রোকসানা বেগম প্রথম আলোকে বলেন, ‘কখন বাসায় পৌঁছাতে পারব জানি না। আধা ঘণ্টা থেকে বাসের চাকা ঘুরছে না।’
দুপুরে শুরু হওয়া যানজটের প্রভাব ছিল দিনব্যাপী। বিকেলে সোনারগাঁও মোড়ে একটি প্রাইভেট গাড়ির চালক আনিস রহমান বলেন, ‘মতিঝিল থেকে সোয়া তিনটার দিকে রওনা দিয়েছি, যাব মিরপুর। এ পর্যন্ত আসতেই দুই ঘণ্টা সময় লেগেছে।’
গতকাল দুপুরে সড়কে নামেন রাজধানীর কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে নেতৃত্ব দেন ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে যোগ দেন স্টামফোর্ড, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, ড্যাফোডিল ও ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে স্টেট ইউনিভার্সিটির সামনের সড়কে জড়ো হন। বেলা সোয়া একটার দিকে তাঁরা স্টেট ইউনিভার্সিটির সামনের সড়কের মোড় অবরোধ করে তনু হত্যার বিচার দাবি করেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারুক আহমাদ বলেন, ‘প্রায় আধা ঘণ্টা সড়ক অবরুদ্ধ রাখার পর আমরা একটি বিক্ষোভ মিছিল বের করি। মিছিলটি ধানমন্ডি ১৫ নম্বর সড়ক ঘুরে আবার স্টেট ইউনিভার্সিটির সামনে এসে শেষ হয়।’
ওই এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিকের মোহাম্মদপুর জোনের সার্জেন্ট মো. নাজমুল হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। তাঁরা বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরের পশ্চিম পাশের মোড় অবরোধ করেন। পরে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া হয়।
অবরোধ শেষে বেলা আড়াইটার দিকে আবার একটি মানববন্ধন করেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
এসব বিড়ম্বনার পর নগরবাসী মনে করেছিল বিকেলের পর পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু সন্ধ্যায় এক পশলা বৃষ্টি ভিজিয়ে দেয় নগরবাসীকে। এ কারণে আবার যানজট শুরু হয়। অনেক রাত পর্যন্ত তা অব্যাহত থাকে।