দিলকুশায় ভবনে আগুন, আতঙ্কিত হয়ে চিকিৎসকের মৃত্যু
রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় গতকাল সোমবার দুপুরে বহুতল বাণিজ্যিক ভবনের কার্নিশে আগুন লাগলে আতঙ্কিত হয়ে এ কে এম শাহনেওয়াজ বিন তবিব (৬৫) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত শাহনেওয়াজ মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের সাবেক নির্বাহী পরিচালক।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে মতিঝিলের হাদী ম্যানশন ও পাশের চিনি শিল্প ভবনের মাঝের অংশে বৈদ্যুতিক গোলযোগ থেকে তারে আগুন লাগে। ওই আগুন থেকে হাদী ম্যানশনের কার্নিশে জমে থাকা কাগজ ও আবর্জনায় আগুন লেগে যায়। আগুন সামান্য হলেও প্রচুর ধোঁয়ায় চারপাশ ভরে যায়। এতে আশপাশের ভবনে অবস্থানরত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে গিয়ে দ্রুত আগুন নেভায়। এ সময় হাদী ম্যানশনের ব্যাংক এশিয়া কার্যালয়ে অবস্থানরত চিকিৎসক শাহনেওয়াজ বিন তবিব আতঙ্কিত হয়ে মারা যান।
হাদী ম্যানশনের নিরাপত্তাকর্মী রফিকুল ইসলাম বলেন, ভবনের পঞ্চম তলায় যমুনা ব্যাংকের কার্যালয়ের পাশে আগুন লেগেছিল। এ সময় বিভিন্ন তলায় থাকা লোকজনকে নিরাপত্তার জন্য ভবনের ছাদে যেতে বলা হয়। ওই চিকিত্সকও ছাদে যান। সেখান থেকে কেউ কেউ লাফিয়ে পাশের চিনি শিল্প ভবনের ছাদে যান। চিকিৎসক শাহনেওয়াজও তাই করেন। লাফ দিয়ে পাশের ভবনের ছাদে পড়ার সময় মাথায় সামান্য আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
শাহনেওয়াজের গাড়িচালক রাশেদুজ্জামান শিপন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিনি দিলকুশার ওই ভবনে ঢোকেন। এর কিছুক্ষণ পরই ভবনের নিচে থেকে আগুনের ধোঁয়া দেখতে পান গাড়িচালক। তিনি ওই সময় ফোন করলে শাহনেওয়াজ বলেন, তিনি ঠিক আছেন। এর কিছুক্ষণ পরে রাশেদ আবারও ফোন করলে আরেকজন ফোন ধরে জানান শাহনেওয়াজ অচেতন হয়ে পড়েছেন, তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা জানান, আতঙ্কে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
শাহনেওয়াজের স্ত্রী চিকিৎসক সাবিনা বিলকিছ সাংবাদিকদের বলেন, শাহনেওয়াজ মিরপুরের শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক ছিলেন। এর আগে ২০১৩ সাল পর্যন্ত তিনি মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের নির্বাহী পরিচালক ছিলেন। সিদ্ধেশ্বরীতে পরিবার নিয়ে থাকেন তাঁরা। হাদী ম্যানশনে ব্যাংক এশিয়ার শাখায় জমির খাজনা জমা দিতে গিয়েছিলেন তিনি।