দিলু রোডে যন্ত্রণার শেষ নেই

নিউ ইস্কাটনের দিলু রোডের বাসিন্দাদের পায়ে চলা ছাড়া কোনো উপায় নেই। সড়কটির মাঝ বরাবর গভীর গর্ত করে সুয়ারেজ পাইপ বসানোর কাজ করছে ঢাকা ওয়াসা। কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না এ পথে। উপরন্তু পাইপ, ইট, গর্ত খুঁড়ে মাটি আর নির্মাণসামগ্রী সড়কের কিনার দিয়ে স্তূপ করে রাখায় পায়ে চলাও কঠিন হয়ে পড়েছে। এলাকাবাসীকে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল শুক্রবার ওই এলাকায় গিয়ে দেখা গেল, নিউ ইস্কাটন প্রান্ত থেকে খনন শুরু হয়েছে। খোঁড়াখুঁড়ি চলছে একেবারে প্রভাতী বিদ্যালয়ের ফটক পর্যন্ত। দুই সপ্তাহ আগে কাজ শুরু হয়েছে। নিউ ইস্কাটনের দিলু রোড, গাউস নগর—এসব এলাকার বাসিন্দারা দীর্ঘদিন থেকেই চলাচলের ক্ষেত্রে প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছেন নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে। উত্তর দিকে বাংলামোটর-মগবাজার ফ্লাইওভার, পূর্ব দিকে সাতরাস্তা-মগবাজার ফ্লাইওভার। দিলু রোড নিউ ইস্কাটন রোড থেকে শুরু হয়ে শেষ হয়েছে সোনারগাঁও লিংক রোডে। ফ্লাইওভারের নির্মাণযজ্ঞের কারণে দীর্ঘদিন থেকে এই সড়ক দুটি এলাকাবাসীর ভয়াবহ দুর্ভোগের কারণ হয়ে আছে। তার ওপর এলাকার ভেতরের সড়কটিতেও এখন খোঁড়াখুঁড়ি করতে থাকায় চলাফেরার দুর্ভোগ অবর্ণনীয় হয়ে পড়েছে। দিলু রোডের ওষুধ ব্যবসায়ী মিন্টু ভূঁইয়া, চাকরিজীবী সালাউদ্দিন খান, পপুলার ইলেকট্রিকের ব্যবসায়ী শামসুজ্জামান খানসহ এলাকার জনা দশেক বাসিন্দার সঙ্গে কথা বললে তাঁরা জানালেন, সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে ছেলেমেয়েদের স্কুলে যাতায়াত নিয়ে। কোনো যানবাহন চলছে না। স্কুলে যাতায়াত করতে খুবই কষ্ট করতে হচ্ছে তাঁদের।
এ ছাড়া এলাকাবাসী অভিযোগ করেছেন, এই এলাকায় প্রচুর নতুন বহুতল ভবন নির্মিত হচ্ছে। নির্মাতাপ্রতিষ্ঠানগুলো জনদুর্ভোগের কথা বিবেচনা না করে রাস্তার ওপরেই ইট, বালু, খোয়াসহ নির্মাণসামগ্রী স্তূপ করে রাখছে। এতে একদিকে যেমন চলাচলে সমস্যা হচ্ছে, অন্যদিকে এসব নির্মাণসামগ্রী পড়ে নর্দমাগুলো ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই এলাকার সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। গত বর্ষায় সামান্য বৃষ্টিতেই এলাকার সড়ক ও গলিগুলো জলমগ্ন হয়ে পড়েছিল। এবার বর্ষার আগে নর্দমাগুলো সংস্কার করারও দাবি করেছেন তাঁরা।
ঢাকা ওয়াসার ঢাকা ওয়াটার সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় পুরোনো ৮ ইঞ্চি ব্যাসের সুয়ারেজ পাইপ বদলে ১৬ ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হচ্ছে এই এলাকায়। ঠিকাদার জহুরুল ইসলাম জানালেন, ২৮ দিনের মধ্যে কাজ শেষ করার কথা আছে। তিনি চেষ্টা করছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার।
এই এলাকাটি দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডভুক্ত। কাউন্সিলর ফয়জুল মুনির চৌধুরী প্রথম আলোকে জানালেন, ওয়াসা কী কাজ করছে, সে সম্পর্কে তাঁকে কিছু জানানো হয়নি। তবে এলাকার বাসিন্দারা দুই পাশের ফ্লাইওভারের মাঝে পড়ে তাঁর ভাষায় ‘যান্ত্রিক জীবনযাপন’ করছেন। কারণ, বছরের পর বছর ধরে চলাচলের ক্ষেত্রে যে দুর্ভোগ পোহাচ্ছেন, তা অমানবিক। এই ‘নির্মাণ যন্ত্রণা’ থেকে কবে নিষ্কৃতি মিলবে, তা জানা নেই। কাউন্সিলর জানান, ওয়াসার কাজ শেষ হলে দিলু রোড, গাউস নগর, আমবাগান থেকে মগবাজার মোড়সহ এলাকার ভেতরের সব প্রধান সড়ক ও গলিতে সংস্কারকাজ শুরু হবে। ইতিমধ্যেই এর ‘ই-টেন্ডার’ হয়ে গেছে। এতে সড়কের পাশাপাশি নর্দমাও সংস্কার করা হবে। তবে সড়কে নির্মাণসামগ্রী ফেলে রাখা এবং অবৈধ দোকান বসতে না দিতে এলাকাবাসীকে সচেতন হতে হবে তিনি মন্তব্য করেন।