দীননাথ সেন রোড ১৯ দিন ধরে জলাবদ্ধ
পুরান ঢাকার গেন্ডারিয়ার দীননাথ সেন রোড প্রায় ১৯ দিন ধরে জলাবদ্ধ হয়ে রয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, সড়কসংলগ্ন নালায় আবর্জনা ও পলিথিন জমে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পথচারীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু তা নিরসনে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাগরিকদের এই দুর্ভোগের বিষয়টি ডিএসসিসিকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। এতে মহল্লার শিশু-কিশোরেরা পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হয়েছে। অবিলম্বে এ সমস্যার সমাধান করতে হবে। এই এলাকাটি ডিএসসিসির অঞ্চল-৫-এর ৪৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
এই ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ১৯ দিন ধরে নালায় পানি চলাচল বন্ধ হয়ে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তা সমাধানে ডিএসসিসির অঞ্চল-৫-এর সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না৷ এতে মহল্লাবাসীকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, গেন্ডারিয়ার ঐতিহ্যবাহী সাধনা ঔষধালয় লিমিটেডের পশ্চিমের সড়কটির নাম দীননাথ সেন রোড। এই রোডের সাধনা ঔষধালয়ের প্রধান ফটক এলাকায় কালো ময়লাপানি জমে রয়েছে। তা মাড়িয়ে চলাচল করছেন পথচারীরা। খানাখন্দে ভরা সড়কে হেলেদুলে চলছে রিকশা ও অন্যান্য যানবাহন। বাতাসে ময়লাপানির দুর্গন্ধ ছড়াচ্ছে। নাক চেপে চলছেন পথচারীরা। অনেকে ময়লাপানি থেকে বাঁচতে এই পথটুকু রিকশায় চড়ছেন।
দীননাথ সেন রোডের স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ময়লাপানি মাড়িয়ে চলাচল করায় মহল্লার অনেকে পেটের পীড়া ও চর্মরোগে ভুগছে। এর মধ্যে শিশু-কিশোর ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। এ ছাড়া এই জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে নিয়মিত আসা-যাওয়া করতে পারছে না শিশু-কিশোরেরা।
ডিএসসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন৷ এ ছাড়া তা সমাধানে দ্রুত ব্যবস্থা নেবেন।