দীর্ঘ ছুটির পর মুখর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। গতকাল রোববার থেকে রাজধানীর সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। এর আগে গত শনিবার ছিল স্কুল-কলেজ খোলার সরকার-নির্ধারিত তারিখ।রমজান মাসে রাজধানীর যানজট কমাতে ১৪ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রমজান ও ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিল। ১৬ আগস্ট থেকে বন্ধ ঘোষণা করা হয় প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। গত শনিবার রাজধানীর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়। তবে প্রথম দিন ছিল ঈদ-পরবর্তী উৎসবের আমেজ এবং শিশু-কিশোরেরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করে। কিছু বেসরকারি প্রতিষ্ঠান রোববার খুলেছে।জানা গেছে, ২৯ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু। তাই ছুটির পর শিক্ষকেরা জোর দিচ্ছেন নিয়মিত ক্লাস ও পড়াশোনার ওপর।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, দীর্ঘ ছুটির পর ক্লাসে এসে ছাত্রীরা কিছুটা উৎসবের আমেজে আছে। তবে ক্লাসে গিয়ে শিক্ষকেরা ছাত্রীদের নিয়মিত ক্লাস করা এবং একটু বেশি বেশি পড়তে উৎসাহিত করছেন। ছুটির আগেও বলে দেওয়া হয়েছিল, ছুটিতে ক্লাস রুটিন অনুসরণ করে পড়ালেখা করতে।ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী মাহজাবীন জানায়, এক মাস ছুটি ছিল, তাই ঈদে খুব মজা হয়েছে। তবে একটু খারাপও লেগেছে, অনেক দিন ধরে বন্ধুদের সঙ্গে দেখা হয়নি বলে।এদিকে রমজানে অনির্ধারিত ওই বন্ধের ফলে শিক্ষার্থীদের ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে অনেকেই অভিযোগ তুলেছিলেন। তবে ইতিমধ্যে সে ক্ষতি পুষিয়ে নিতে ছয় দিনের ছুটি সমন্বয় করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা মনে করেন, নিয়মিত ক্লাসের মাধ্যমেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। তিনি বলেন, ছাত্ররা যাতে নিয়মিত ক্লাসে আসে, সে বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। শিক্ষকদেরও বলা হয়েছে, তাঁরা যেন ছুটি না নেন।মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোল্লা বলেন, রমজান ও ঈদের ছুটি হওয়ার কথা ছিল ২২ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। ওই বন্ধ ছয় দিন এগিয়ে দেওয়া হয় ১৪ আগস্ট থেকে। এদিকে বার্ষিক পরীক্ষা পাঁচ দিন পেছানো হয়েছে। ফলে সব মিলিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।অভিভাবক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক নীপা সুলতানা মনে করেন, ছুটি সমন্বয়ের কথা বলা হলেও তাতে খুব বেশি লাভ হবে না।