দু-এক বছরেই বিএনপি-জাতীয় পার্টি নিশ্চিহ্ন হবে: সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বিএনপি-জাতীয় পার্টির কোনো ভবিষ্যত্ নেই। দল দুটি সংকটে পড়ে গেছে। দু-এক বছরের মধ্যেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।’
আজ শনিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুরঞ্জিত এসব কথা বলেন।
আল-কায়েদা ও জঙ্গি প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এ দেশে বিএনপি-জাতীয় পার্টিই এখন উগ্র সাম্প্রদায়িক, দানবীয় শক্তিকে পৃষ্ঠপোষকতা করছে। আমরা মৃত্যু ভয়ে ভীত নই। আওয়ামী লীগ তাদের ভয় করে না। সকল বাধা পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।’
মুসলিম দেশগুলোতে যুদ্ধ-অস্থিরতা প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য বলেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদই এ জন্য দায়ী। আমেরিকা আর ইউরোপীয়রা মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে। সিরিয়া ও ইরাকের দিকে তাকালেই সেটা বোঝা যায়।’ তিনি বলেন, ‘পৃথিবীর মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।’