দুঃখ আর আতঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে পানির কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিরা একে একে হাসপাতাল থেকে ফিরছেন। তাঁরা এখনো ভোলেননি সেই ভয়াবহ রাসায়নিক আতঙ্কের কথা। স্বজন হারানোর বেদনায় তাঁরা সবাই কাতর। এসব বেদনার্ত মানুষের দুঃখ আর আতঙ্কের সঙ্গে এখন যুক্ত হয়েছে নিদারুণ পানির কষ্ট।প্রয়োজনীয় গভীর নলকূপ না থাকা এবং অগ্নিকাণ্ডে পানি সরবরাহের প্রধান লাইন ক্ষতিগ্রস্ত হওয়াই সংকটের কারণ বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার প্রকৌশলীরা। এ ছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিঃস্বপ্রায় মালিকেরা বাড়ির পানির লাইন মেরমত করতে পারছেন না অর্থাভাবে।এ অবস্থায় নিমতলীর সাধারণ মানুষ, পঞ্চায়েত কমিটির সদস্য ও জনপ্রতিনিধিদের দাবির মুখে ঢাকা ওয়াসা দুটি পানির ট্যাংক স্থাপন করে দিয়েছে নিমতলী পঞ্চায়েত কার্যালয়ের সামনে। প্রতিদিন সকালে ওয়াসার পানিবাহী গাড়ি এসে ওই ট্যাংক দুটি ভরে দিয়ে যায়। তবে সেই পানিতে সবার প্রয়োজন মেটে না। তাই কষ্টও কমে না।৪ নম্বর নবাব কাটরার বাসিন্দা মোহাম্মদ নাসির বলেন, আগুন লাগার পর সবগুলো পানির সংযোগ অচল হয়ে গিয়েছিল। এরপর সাত দিন কয়েকটি গাড়িতে করে পানি সরবরাহ করা হতো। প্রায় ১৫ দিন পর পানির সংযোগ সচল হয়েছে। তবে পুড়ে যাওয়া বেশির ভাগ ভবনের পানির সংযোগ এখনো অচল হয়ে আছে। পানির তীব্র সংকটের এটিও একটি কারণ।পুড়ে যাওয়া কয়েকটি ভবনের বাসিন্দারা বলেন, অনেক বাসায় পানির সংযোগ সচল রয়েছে। তবে তাতে পানি আসে না। ৫৪ নম্বর নবাব কাটরার রওশন আক্তার বলেন, ‘বিদ্যুৎ থাকলেও পানি আসে না। একটু গোসল করতে পারি না। দেখেন কী কষ্ট কইরা পাঁচতলায় পানি উঠায়া নিতে অয়।’একই রকম কষ্টের কথা জানিয়ে পাখি আক্তার বলেন, ‘নিমতলীর মানষের দুঃখ পিছ ছাড়ে না। ঘরের মানুষগুলা গেছে। জিনিস গেছে। অখোন যারা আছি, আমরা গেলেই অইছে।’ মোহাম্মদ নাসিরসহ স্থানীয় বাসিন্দারা বলেন, অগ্নিকাণ্ডের পর স্থানীয় সাংসদ নবাব কাটরা স্কুলে একটি গভীর নলকূপ স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তবে এখন পর্যন্ত ওই নলকূপ বসানোর কাজ শুরু হয়নি। এটি করা হলে পানি সমস্যার অনেকটাই সমাধান হয়ে যেত। এ ব্যাপারে স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, নিমতলীতে গভীর নলকূপ বসানোর সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এখন নলকূপ বসানোর কাজ শুরু হবে। ওয়াসার সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল হক বলেন, তাত্ক্ষণিকভাবে পানির সংকট সমাধানের জন্য সড়কের পাশে ট্যাংক স্থাপন করে দেওয়া হয়েছে। আরও আটটি পানির ট্যাংক দেওয়া হবে। পানির সমস্যার স্থায়ী সমাধানের জন্য গৃহীত প্রকল্পের কাজও শুরু হচ্ছে।