দুঃখ বাড়াবে দনিয়া রোড

কুতুবখালী খাল ভরাট করে পূর্ব দোলাইরপাড়ে চলছিল দনিয়া রোড প্রশস্ত করার কাজ। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর খাল আগের অবস্থায় ফিরিয়ে এনে সড়ক সংস্কার করতে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কিন্তু তারপর থেকে বন্ধ হয়ে আছে সড়কের সংস্কারকাজ। অথচ প্রায় চার বছর ধরে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে আছে।
পূর্ব দোলাইরপাড় ডিএসসিসির ৫১ নম্বর ওয়ার্ডের আওতাধীন। দোলাইরপাড়, পূর্ব দোলাইরপাড়, পাড় গেন্ডারিয়া, মীর হাজিরবাগ, ওয়াসা রোড, মোল্লাপাড়া, মধ্যপাড়া, পশ্চিম দোলাইরপাড়, শফিকনগর, পান্থনিবাস, শান্তিনিবাস এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। ওয়ার্ডে আছে পানি-গ্যাসের সংকট। ওয়ার্ডের প্রধান সড়ক থেকে অলিগলিতে দেখা গেছে ময়লা-আবর্জনার স্তূপ। ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে চায়ের দোকান ও গ্যারেজ। ওয়ার্ডে নেই কমিউনিটি সেন্টার, পার্ক-মাঠ। গতকাল বুধবার ওয়ার্ড ঘুরে এবং স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
কুতুবখালী খাল ও দনিয়া রোড: ডিএসসিসির প্রকৌশল দপ্তর সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি কুতুবখালী খাল খনন ও দনিয়া রোড সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলী-আদনান (জেবি)। ৪ জুলাই প্রতিষ্ঠানটি কাজ শুরু করে।
২২ জুলাই ‘খাল খেয়ে ফেলছে সিটি করপোরেশন’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। সেদিনই ডিএসসিসির প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ডিএসসিসি। গত অক্টোবরে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।
এ বিষয়ে ফরাজী শাহাবউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা কুতুবখালী খাল পরিদর্শন করে ও পানি উন্নয়ন বোর্ডের খালের নকশা অনুযায়ী প্রতিবেদন তৈরি করেছি। প্রতিবেদনে খালটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে বলা হয়েছে। অর্থাৎ আগে যে রাস্তাটি ছিল, সেটির পাড় বরাবর পাইলিং করে সড়ক সংস্কার করতে বলা হয়েছে। গত নভেম্বর থেকে আবার কাজ শুরু করার কথা। তবে ঠিকাদার কেন কাজ শুরু করেননি, তা কাল (আজ বৃহস্পতিবার) খোঁজ নিয়ে দেখব।’
এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও ঠিকাদার আসাদুল্লাহর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ডিএসসিসি সূত্র জানায়, কুতুবখালী খালের দৈর্ঘ্য প্রায় ৯৬০ মিটার, প্রশস্ততা গড়ে ১৯ ফুট। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, কুতুবখালী খাল ছিল প্রায় ৫০ ফুট প্রশস্ত। গভীরতা ছিল ৮ ফুট।
গতকাল বুধবার দেখা যায়, পূর্ব দোলাইরপাড়ে কুতুবখালী খালের প্রায় মাঝ বরাবর বাঁশ ও টিন দিয়ে বেড়া দেওয়া। এর মধ্যে দনিয়া রোডের পশ্চিম সীমানায় পাইলিংয়ের কিছু যন্ত্রপাতি পড়ে আছে। খানাখন্দে ভরা সড়ক জলমগ্ন। এতে যান চলাচল বন্ধ। পথচারীদের হেঁটেও চলার উপায় নেই।
স্থানীয় বাসিন্দা শাহীন দেওয়ান বলেন, দনিয়া সড়ক দিয়ে কোনো যানবাহন চলতে পারে না। এমনকি হাঁটাও যায় না। সড়কের এই অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েক দিন আগে এক নারী পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন। তিনি বলেন, এই খালের তেমন দরকার নেই। এটি মৃত খাল। এর চেয়ে রাস্তার প্রশস্ততা বাড়িয়ে তা দ্রুত সংস্কার করা দরকার। সড়ক সংস্কার করা না হলে এলাকাবাসীর দুঃখ বাড়বে।
ফুটপাতে চায়ের দোকান ও গ্যারেজ: পূর্ব দোলাইরপাড় থেকে দয়াগঞ্জ রেল সেতু পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতে শতাধিক চায়ের দোকান ও গাড়ি মেরামতের গ্যারেজ গড়ে তোলা হয়েছে। কোথাও কোথাও রাস্তার একাংশও গ্যারেজের মালামাল রেখে দখল করে রাখা হয়েছে।
পথচারী কামাল হোসেন বলেন, যে যার মতো করে ফুটপাতে গ্যারেজ বসিয়েছে। গ্যারেজের মালামালও সড়কে রাখা হচ্ছে। এতে পথচারীদের ঠিকমতো চলাচলের উপায় নেই।
যত্রতত্র আবর্জনার স্তূপ: ওয়ার্ডের অন্যতম প্রধান সড়ক মীর হাজিরবাগ নতুন রাস্তা। অথচ এই সড়কের যত্রতত্র বর্জ্যের স্তূপ দেখা গেছে। বাতাসেও ব্যাপক ধুলাবালু উড়তে দেখা গেছে।
পানি–সংকট: ডিএসসিসির ৫১ নম্বর ওয়ার্ডে চার থেকে পাঁচ×বছর ধরে পানি সংকট চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দোলাইরপাড়ের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, পানির দাবিতে তাঁরা বিভিন্ন সময় কলস নিয়ে মিছিল করেছেন। ওয়াসাকেও চিঠি দিয়েছেন। কিন্তু কোনো অগ্রগতি হচ্ছে না। এক বেলা পানি পেলে আরেক বেলা পাওয়া যায় না।
গ্যাস–সংকট: পানি–সংকটের মতো এই ওয়ার্ডে তীব্র গ্যাস–সংকটও আছে বলে অভিযোগ আছে। মীর হাজিরবাগের বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই এলাকার বাসাবাড়িতে গ্যাস থাকে না। ফলে প্রতিদিন ভোরেই রান্নার কাজ সারতে হয়।

খাল ভরাটের পক্ষে কাউন্সিলর!
২০১৫ সালের নির্বাচনে ডিএসসিসির ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন কাজী হাবিবুর রহমান। গতকাল ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রথম আলো: কুতুবখালী খাল ভরাট বন্ধে আপনি কোনো উদ্যোগ নিয়েছিলেন কি না?
কাউন্সিলর: দীর্ঘদিন ধরে এই খালের পশ্চিম ও উত্তর মাথা বন্ধ। এতে খালে পানির প্রবাহ নেই। খালটি জলাবদ্ধতা নিরসনে কোনো কাজে লাগে না। এর মধ্যে মহল্লার লোকেরা খালপাড়ের রাস্তার (দনিয়া রোড) প্রশস্ততা বাড়ানোর অনুরোধ করেছেন। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সে অনুযায়ী দরপত্র আহ্বান করেছে। তাই আমরা বাধা দিইনি। এ ছাড়া এই খালের ৯৫ শতাংশের প্রশস্ততা গড়ে ২০ ফুট। তাই এই অংশ ভরাট করলে তেমন সমস্যা নেই।
প্রথম আলো: দনিয়া রোডের সংস্কারকাজ শুরু হচ্ছে না কেন?
কাউন্সিলর: মাসখানেক আগে সড়কটি সংস্কার করতে ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন মেয়র। কিন্তু ঠিকাদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এই পথে নাগরিকদের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। বিষয়টি ডিএসসিসি-সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে।
প্রথম আলো: দীর্ঘদিন ধরেই আপনার ওয়ার্ডে পানি ও গ্যাস-সংকট চলছে। তা সমাধানে কোনো উদ্যোগ নিয়েছেন?
কাউন্সিলর: পানি সমস্যার সমাধানে পশ্চিম দোলাইরপাড়ে একটি পানির পাম্প বসানো হয়েছে। মোল্লাপাড়া ও আবু হাজি স্কুল এলাকায় আরও দুটি পাম্প বসানোর বিষয়টি প্রক্রিয়াধীন। তা বাস্তবায়ন হলে পানির সমস্যা থাকবে না। আর গ্যাস সমস্যার কথা তিতাসকে জানানো হয়েছে। কিন্তু কোনো অগ্রগতি দেখছি না।
প্রথম আলো: ওয়ার্ডের যত্রতত্র বর্জ্যের স্তূপ দেখা গেছে। বাতাসেও ব্যাপক ধুলাবালু।
কাউন্সিলর: ওয়ার্ডে ৫২ জন পরিচ্ছন্নতাকর্মী আছেন। কিন্তু তাঁরা নিয়মিত কাজ করেন না। তাঁরা ভালোভাবে কাজ করলে যত্রতত্র ময়লা পড়ে থাকত না। ওয়ার্ডে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের জন্য আবেদন করেছি। এসটিএস নির্মাণ করা হলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি হবে।