দুই আসামির জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে জোড়া খুনের ঘটনায় আসামি মিথুন ও রুবেলের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই দুই আসামির গ্রেপ্তার নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-কে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিম এ আদেশ দেন।এ ছাড়া সংশ্লিষ্ট জামিনের ক্ষেত্রে জালিয়াতির ঘটনা তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিম ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-কে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। জামিন আবেদনের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মুনিরুল ইসলাম ও মনির হোসেনকে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।জানা যায়, গত বছরের ২৪ মার্চ গুলশানে জোড়া খুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় গত ২৩ জানুয়ারি মিথুন ও রুবেল হাইকোর্ট থেকে জামিন পান। পরে আসামিরা বাদীপক্ষকে ভয়ভীতি দেখাচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। ভয়ভীতির পরিপ্রেক্ষিতে নিহত দম্পতির মেয়ে ইতি ও বীথি আইনগত সহায়তার জন্য আইনজীবী মনজিল মোরসেদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি কাগজপত্র পর্যালোচনা করে তাতে অসংগতি পান। পরে বিষয়টি আদালতের নজরে আনেন। এর পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ‘জোড়া খুনের ঘটনায় মিথুন ও রুবেলের জামিন বাতিল করেছেন আদালত।’ উল্লেখ্য, মেয়েকে তাঁর প্রাক্তন প্রেমিকের কাছে বিয়ে দিতে রাজি না হওয়ায় ২০১০ সালের ২৪ মার্চ রাজধানীর গুলশানে সাদিকুর রহমান (৬০) ও রুমানা নার্গিস দম্পতিকে প্রাণ দিতে হয়।