দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোন খালার বাসা থেকে বেরিয়ে ‘নিখোঁজ’
রাজধানীর আদাবরে খালার বাসা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরের আগে বের হয় তিন বোন। তারপর তাদের আর খোঁজ মিলছে না।
তিন বোনের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। পুলিশ বলছে, তিন বোন বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের সঙ্গে ব্যাগ ছিল।
জিডির তথ্য অনুযায়ী, ‘নিখোঁজ’ তিন বোনের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন এসএসসি পরীক্ষার্থী। গতকাল বেলা ১১টার দিকে তারা বাড়ি থেকে বের হয়। তারপর থেকে নিখোঁজ।
নিখোঁজ তিন বোনের খালা সাজিয়া নওরীন বলেন, তিনজনই তাঁর বড় বোনের মেয়ে। তিন বছর আগে তাঁর বড় বোন মারা যান। বড় বোনের স্বামী পরে আবার বিয়ে করেন। ওই তিন বোন খিলগাঁওয়ে তাদের আরেক খালার বাসায় থাকে। তবে এসএসসি পরীক্ষার্থী দুই বোনের পরীক্ষাকেন্দ্র ধানমন্ডি গার্লস হাইস্কুল হওয়ায় তারা সবাই তাঁর আদাবরের বাসায় অবস্থান করছিল।
সাজিয়ার ভাষ্য, হঠাৎ করেই তিন বোন তাঁর বাসা থেকে বের হয়ে যায়। তারা সঙ্গে করে তাদের বই-খাতা, পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ সবকিছু নিয়ে গেছে। কারও প্ররোচনায় তারা এমনটি করেছে বলে ধারণা করছেন তিনি।
তিন বোনই টিকটক করত বলে জানান সাজিয়া।
পুলিশ সূত্রে জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা দেখতে পেয়েছে, তিন বোন ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছে। তবে তারা কোথায় গেছে, কেন গেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে প্রথম আলোকে বলেন, ‘তিন বোনকে খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।’