দুই কিলোমিটার সড়ক বেহাল, দুর্ভোগে স্থানীয় মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বৌদ্ধমন্দির থেকে রাজারবাগ কালীবাড়ী মন্দির পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা। কিন্তু এইটুকু রাস্তা সংস্কারের অভাবে স্থানীয় কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। স্থানীয় লোকজন জানান, ১৫ বছর ধরে এই রাস্তার কোনো সংস্কার হয়নি। জনপ্রতিনিধি ও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) কর্তৃপক্ষকে অনেকবার রাস্তাটি সংস্কারের অনুরোধ জানিয়েও কোনো ফল মেলেনি। সরেজমিনে দেখা গেছে, বৌদ্ধমন্দির থেকে কালীবাড়ী রোডের দিকে যাওয়ার পথে কিছু দূর রাস্তা ভালো। এর পরই ভোগান্তির শুরু। গোটা রাস্তা এবড়োথেবড়ো। অনেক জায়গায় রাস্তার বড় অংশ জুড়ে পিচের আস্তরণ, ইট, সুরকি উঠে গিয়ে মাটি বেরিয়ে এসেছে। কিছু দূর পরপর সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। অনেক স্থানে গর্ত ভরাট করতে স্থানীয় লোকজন সিমেন্টের দলা ফেলার কারণে রাস্তা আরও বেশি অসমতল হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, কিছুদিন আগে এক আত্মীয় ঢাকার বাইরে থেকে সন্তানসম্ভবা অবস্থায় তাঁর বাসায় আসেন। ওই আত্মীয়র সন্তান প্রসবের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে অনেক চেষ্টা করেও কোনো অ্যাম্বুলেন্স এই এলাকায় আনতে পারেননি। রিকশাচালক আফজাল মিয়া বলেন, ‘এ রাস্তা দিয়ে অনেক কষ্ট করে রিকশা চালাইতে হয়। অনেক সময় চাক্কা লিক করে, টেয়ার টাল হয়, নাটনুট ঢিল হইয়্যা খুল্লা পইড়া যায়। গাড়ি পইড়া গেলে যাত্রী ব্যথা পাইয়া আমাগো মাইর দেয়। বৃষ্টি হইলে এই রাস্তায় আমরা ভয়ে আহি না।’অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দীনেশ চন্দ্র দাশ বলেন, ‘দুই নাতিকে কত কষ্ট করে আমার স্কুলে নেওয়া-আসা করতে হয়, তা বোঝাতে পারব না। চোখের সামনে অনেক রিকশা উল্টে যায়, বুকটা ছ্যাঁৎ করে ওঠে, কোন দিন যেন আমার নাতিদের নিয়ে আমিও রাস্তায় পড়ে যাই।’স্থানীয় বাসিন্দা মিলান কান্তি রায় আক্ষেপ করে বলেন, প্রতিদিন তিনি মোটরসাইকেলে করে মতিঝিল অফিসে যান। পোশাকে, শরীরে ও মুখে কাদা, ধুলা দেখে অফিসের সহকর্মীরা জিজ্ঞেস করেন ‘কোন খেত থেকে আসলেন’? এ কারণে অনেক সময় অতিরিক্ত পোশাক নিয়ে বের হতে হয়। প্রশাসনের বক্তব্য: ডিসিসির (দক্ষিণ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ কুদরতুল্লাহ বলেন, রাস্তাটি সংস্কারের জন্য তিনি যথাযথ কর্তৃপক্ষকে বলে দেবেন।এ ব্যাপারে ডিসিসির (দক্ষিণ) অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রঞ্জিত চন্দ্র সরকার বলেন, রাস্তাটি সংস্কার করতে ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করে দরপত্রের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করার বিষয় চূড়ান্ত হয়েছে। বর্তমানে সেটি ডিসিসির চূড়ান্ত কার্যাদেশের অপেক্ষায় রয়েছে। এই বিষয় নিশ্চিত হলেই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে। এত দিনেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি কেন জানতে চাইলে রঞ্জিত চন্দ্র সরকার বলেন, ‘আমরা বসে নেই, একটি রাস্তা সংস্কারের কাজ শুরু করতে গেলে প্রকল্প গ্রহণ, বাজেট প্রণয়ন, চূড়ান্ত কার্যাদেশসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগে। সে জন্যই এটি শুরু করতে সময় লাগছে।’