দুই কোটি টাকার নকল পণ্য ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার তুরাগ থানা এলাকা থেকে গতকাল শুক্রবার দুই কোটি টাকার নকল সার্ফ এক্সেল, রিন ও হুইল সাবান আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৫ (এপিবিএন)। এসব নকল পণ্য তৈরির অপরাধে শাপলা কসমেটিকস নামে একটি কারখানাকে সোয়া দুই লাখ টাকা জরিমানা করা হয়।
পুলিশ জানায়, কারখানাটির ভেতরে ছিল সার্ফ এক্সেল, রিন পাউডার ও হুইলের মোড়ক। নকল পণ্য ভরার জন্য এসব মজুত করা হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এই ব্যবসা করে আসছে। তুরাগ থানা এলাকার বাদালদীতে তাদের কারখানা থেকে প্রতিদিন অসংখ্য নকল পণ্য পাইকারি বাজারে বিক্রি করা হতো।
গতকাল বেলা দুইটার দিকে এপিবিএনের ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে অভিযান চালিয়ে দুই কোটি টাকার পণ্য জব্দ করে। কোরবানির ঈদের সময় চাহিদা বেশি থাকায় প্রতিষ্ঠানটি আটটি গুদামে এসব মজুত করে। পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভেজাল পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের অপরাধে কারখানাটিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলার সহকারী কমিশনার তৌহিদ আলম।
৫ এপিবিএন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, শাপলা কসমেটিকসের ডিটারজেন্ট, সাবান নামী কোম্পানির মোড়কে ভরে বিক্রি করা হতো।