দুই গাড়িভর্তি ফেনসিডিলসহ চার জন গ্রেপ্তার
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় গত শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে আড়াই হাজার বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত একটার দিকে অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশ আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির উত্তর পাশের রাস্তায় অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করে। এ সময় ডিবি পুলিশ গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে দুই হাজার ৫৫০ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন রেজাউল ইসলাম ওরফে রেজাউল মেম্বার (৪২), আবুল হোসেন (৪৩), আরিফ হোসেন (৩২) ও আনসার ভূঁইয়া (২২)। ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ডিবির কাছে তথ্য ছিল, সীমান্তবর্তী বেনাপোল থেকে রেজাউল দুটি গাড়িতে ফেনসিডিলের চালান নিয়ে গাবতলী হয়ে মিরপুর ১০ নম্বরে প্রবেশ করবে। ডিবি পুলিশের একটি দল মিরপুর গোলচত্বরে অবস্থান নেয়। রাত একটার দিকে ডিবি পুলিশ মিরপুর ১০ নম্বরে দুটি গাড়িকে থামানোর সংকেত দিলে চালকেরা তা অমান্য করে আগারগাঁওয়ের দিকে চালিয়ে যেতে থাকেন। ডিবি পুলিশ তাঁদের পিছু নেয়। একপর্যায়ে ডিবি পুলিশ আগারগাঁওয়ের লায়ন্স চক্ষু হাসপাতালের দক্ষিণ পাশের রাস্তায় তাঁদের গাড়ি আটক করে। ডিবি কর্মকর্তা মশিউর জানান, জিজ্ঞাসাবাদে রেজাউল বলেছেন, তিনি যশোরের শার্শা এলাকার ইউপি সদস্য ছিলেন। পরে পল্লবীর ফেনসিডিল ব্যবসায়ী শহীদের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তিনি শহীদের কাছে ফেনসিডিলের চালান পাঠাতেন। ফেনসিডিল ব্যবসার জন্য তিনি গাড়ি ছিনতাই করাতেন এবং ছিনতাই করা গাড়ি দিয়েই মাদকের ব্যবসা করতেন। রেজাউলের বিরুদ্ধে যশোর, মাগুরা, সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলায় ডজন খানেক মামলা আছে।