দুই গৃহবধূকে হত্যা তিনজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় রেখা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে পুলিশ তাঁর গলিত লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, স্বামী আবদুল মতিন এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর থেকে মতিন পলাতক। একই দিন একই থানা এলাকার এক বাসা থেকে মালা বেগম (৩৫) নামের আরেক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, মালাকে হত্যা করা হয়েছে। এ দুটি ঘটনা ছাড়াও রাজধানীতে গত দুই দিনে তিনজনের অপমৃত্যু হয়েছে। দুই গৃহবধূসহ সবার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুই গৃহবধূর লাশ: দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আবুবকর বলেন, খবর পেয়ে সোমবার রাত দুইটার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন সিটি কলোনির একটি টিনশেড বাসার খাটের নিচ থেকে গৃহবধূ রেখার জবাই করা লাশ উদ্ধার করা হয়। লাশটি চাদর দিয়ে মোড়ানো ছিল। লাশ থেকে দুর্গন্ধ ছড়ানোর পর আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে দরজার তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। এসআই বলেন, রেখার স্বামী আবদুল মতিন একজন রিকশাচালক। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তিনি রেখাকে হত্যা করে এভাবে ফেলে রেখে পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। একই দিন বিকেল পাঁচটার দিকে একই থানা এলাকার মাজার রোডের প্রথম কলোনি এলাকার এক বাসা থেকে গৃহবধূ মালা বেগমের লাশ উদ্ধার করা হয়। দারুস সালাম থানার এসআই ফজলুল হক বলেন, মালার স্বামী মিলন মিয়া পুলিশকে জানান, মালা গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। পরে তিনি লাশ নামিয়ে পুলিশে খবর দেন। এসআই বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মালার ভাই বোরহান উদ্দিন অভিযোগ করেন, যৌতুকের জন্য মালাকে তার স্বামী হত্যা করেছেন। এ ব্যাপারে তাঁরা থানায় হত্যা মামলা করবেন। এসআই ফজলুল বলেন, পুলিশের কাছে কেউ হত্যার অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনজনের অপমৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আকাশ (১৫) নামের এক কিশোর মারা গেছে। সে চকবাজারের হাজী দেওয়ান এলাকায় একটি প্লাস্টিকের দোকানে কাজ করত। সেখানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।সূত্র জানায়, রাজধানীর সবুজবাগ এলাকার দক্ষিণ মাদারটেকের বাগানবাড়ি এলাকার এক বাসা থেকে শেফালী বেগম (১৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ একে আত্মহত্যা মনে করলেও কারণ জানা যায়নি। গৃহকর্মীর গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গায়। তার বাবার নাম আবদুল আলীম। সূত্র জানায়, রাজধানীর খিলক্ষেতে গত সোমবার রাতে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি (৩০) মারা গেছেন। তাঁর নাম-ঠিকানা জানা যায়নি।