লালবাগ থানার কামালবাগের ৩০ নম্বর দেবীদাস লেনে গতকাল বৃহস্পতিবার দুপুরে এশিয়া প্লাস্টিক নামের একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় দুই টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণনের অভিযোগে কারখানার মালিক বিল্লাল হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে আদালতের নির্দেশে কারখানা সিলগালা করে দেওয়া হয়। সরু গলি, একসঙ্গে দু-তিনজন চলাফেরা করাও দায়। দেখে বোঝার উপায় নেই যে গলির শেষ মাথায় একটি কারখানায় গোপনে দীর্ঘদিন ধরে চলছে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রি। পরিবেশ অধিদপ্তর ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ২০ জন পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেওয়া ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, পলিথিন জব্দের পর বাজেয়াপ্ত করে তা ধ্বংস করার জন্য পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে। ওই কারখানায় তৈরি করা পলিথিন ছাড়াও বিভিন্ন কাঁচামাল ও পলিথিন তৈরির যন্ত্রপাতি ছিল। সেগুলোসহ সিলগালা করে কারখানাটি পরিবেশ অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয়েছে। সাত প্রতিষ্ঠানকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার ফরমালিন দেওয়া আম বিক্রিসহ অন্যান্য অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় শেওড়াপাড়ার পাঁচটি আমের দোকানকে জরিমানা করা হয়। দোকানগুলোর মালিক হাবিবুলকে পাঁচ হাজার, মজিবরকে দুই হাজার, সজীবকে তিন হাজার, আহসানকে পাঁচ হাজার ও ফেরদৌসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এই দোকানগুলো ফরমালিন মিশ্রিত আম বিক্রি করছিল। এর বাইরে মডার্ন ফার্মেসিকে ১০ হাজার টাকা ও কিচেন প্লাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে পাঁচটি আমের দোকানে ফরমালিন মিশ্রিত ১০০ কেজি আম ঘটনাস্থলে ধ্বংস করা হয়। অভিযানে সহায়তা করে বিসিএসআইআর, ঢাকা মহানগর পুলিশ ও পরিবেশ অধিদপ্তর।