দুই ডায়াগনস্টিক সেন্টার ও এক ক্লিনিককে জরিমানা
মানসম্মত চিকিৎসাব্যবস্থা না থাকায় রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি বেসরকারি হাসপাতালকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছেন র্যা ব-২-এর ভ্রাম্যমাণ আদালত।
প্রতিষ্ঠান তিনটি হলো ডিজিটাল ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টার, ল্যাবকো ডায়াগনস্টিক ও কনসালট্যান্ট সেন্টার এবং আল-সামি হাসপাতাল।
গতকাল বুধবার দুপুরে র্যা ব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় এই তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্য ও ঔষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যা ব-২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাইসেন্স নবায়ন না করে অদক্ষ টেকনিশিয়ান দিয়ে রোগ পরীক্ষা করা, মূল্যতালিকা না থাকা ও ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর দায়ে ডিজিটাল ডায়াগনস্টিকের বেলায়েত হোসেনকে দেড় লাখ টাকা ও জোবায়ের আহমদকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া সনদ না থাকায় প্রতিষ্ঠানটির চিকিৎসক শাহাজুর রহমানকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। একই অপরাধে ল্যাবকো ডায়াগনস্টিকের রুহুল আমিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।