সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলেই সংবিধানে অহেতুক কাটাছেঁড়া এবং ক্ষমতার অপব্যবহার হয় বলে মন্তব্য করেছেন ড. কামাল হোসেন। তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে অবশ্যই ক্ষমতায় আনতে ভোট দেবে, কিন্তু তা যেন দুই-তৃতীয়াংশ থেকে অন্তত একটি আসন কম হয়।গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বাঙলার পাঠশালা আয়োজিত ড. কামাল হোসেনের লেখা বাংলাদেশ: স্বাধীনতা ও ন্যায়ের সন্ধানে শীর্ষক এক গ্রন্থ আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ আহ্বান জানান এই সংবিধানপ্রণেতা। ছাত্রদের এক প্রশ্নের জবাবে কামাল হোসেন জানান, তিনি বর্তমান সরকারের পঞ্চদশ সংশোধনী সমর্থন করেন না। কারণ, দলীয় সরকারের অধীনে কখনোই নিরপেক্ষ নির্বাচন হয় না। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা একটি দলকে ক্ষমতার অপব্যবহারের সুযোগ এনে দেয়। ড. কামাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর শাসনামলে সংবিধানের চতুর্থ সংশোধনীকে আমি সমর্থন করিনি।’ সমর্থন না করার কারণ হিসেবে তিনি বলেন, ‘সেই সময়েও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে সব ক্ষমতা একটি পদেই কেন্দ্রীভূত করার অপচেষ্টা হয়েছিল।’ অপর এক প্রশ্ন—সংবিধানের ৭০ অনুচ্ছেদে ‘রাজনৈতিক দল হতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া’ গণতন্ত্রের জন্য কেন প্রয়োজন? এর উত্তরে কামাল বলেন, এই অনুচ্ছেদের আর দরকার নেই। এটি সাংসদদের বোকা বানিয়েছে। সভার সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ড. কামালের এই বইটি নতুন প্রজন্মের জন্য স্বাধীনতার প্রেরণা ও শক্তি জোগাবে। তাদের উজ্জীবিত করবে ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, ছয় দফা আন্দোলন থেকে শুরু করে আগরতলা ষড়যন্ত্র, স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট ও সবশেষে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার—এসব সময়ের প্রতিটি তথ্য নির্ভুলভাবে ব্যক্ত করেছেন লেখক।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের স্বত্বাধিকারী মহিউদ্দিন আহমেদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান প্রমুখ। প্রসঙ্গত, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে।