দুই দিকে ইঞ্জিনসমৃদ্ধ নতুন কমিউটার ট্রেন কেনার চুক্তি সই
ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী জেলা ও উপজেলাগুলোতে সহজ ও দ্রুত যাতায়াতের জন্য কমিউটার ট্রেন চালুর লক্ষ্যে বিশেষ ধরনের ট্রেন কেনার চুক্তি করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার রেল ভবনে এই বিশেষ ট্রেন কেনার চুক্তি সই হয়।বিশেষ এই ট্রেনকে বলা হয় ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডিইএমইউ) ট্রেন। এই ট্রেনের দুই পাশে দুটি ইঞ্জিন থাকবে। মাঝখানে থাকবে তিনটি বগি। ফলে গন্তব্যে যাওয়ার পর আর ইঞ্জিন ঘুরিয়ে যাত্রা শুরু করতে হবে না। প্রতিটি ডিইএমইউতে গড়ে ৩০০ যাত্রী ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ের পক্ষে সংস্থার মহাপরিচালক আবু তাহের এবং সরবরাহকারী প্রতিষ্ঠান চীনের তাংসাং রেলওয়ে ভেহিকল কোম্পানির পক্ষে জেন দাইউ নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরবরাহকারী প্রতিষ্ঠান ও রেলওয়ের কর্মকর্তারা এই বিশেষ ট্রেনের নানা দিক তুলে ধরেন। চুক্তি সই অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানই উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ২০ সেট ডিইএমইউ সংগ্রহ করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৪২০ কোটি টাকা। আগামী ১৫ মাসে এসব ডিইএমইউ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়েছে। চুক্তি শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই ট্রেন চালু হলে ঢাকার আশপাশের লোকজন কাজ শেষ করে ট্রেনে বাড়ি ফিরে যেতে পারবে। এতে ঢাকার ওপর বাড়তি মানুষের চাপ কমে যাবে। যানজটও কমবে।