দুই দিনে চার অপমৃত্যু
রাজধানীর পৃথক স্থানে গত দুই দিনে চারজনের অপমৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। প্রত্যেকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মিরপুর দুই নম্বর সেকশনের সাত নম্বর রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনের বাসা থেকে মজিবুর রহমান (৬৮) নামের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পাইপের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। মজিবুর ওই নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি সেখানেই থাকতেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সবকিছু জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি রাজশাহী। তাঁরা বাবার নাম আলম মিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আদাবর থানার দুই নম্বর সড়কের সুনিবিড় হাউজিং এলাকার এক বাসা থেকে মোছাম্মৎ সুমি (১৮) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। নিহতের গ্রামের বাড়ি দিনাজপুরে। বাবা মো. সেলিম।সূত্র জানায়, গতকাল খিলগাঁও থানার বিশ্বরোড উড়ালসেতুর ঢাল থেকে এক অজ্ঞাতনামা নারীর (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর পরনে প্রিন্টের শাড়ি ছিল। পুলিশ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছে, বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে তাঁর মৃত্যু হতে পারে। সূত্র আরও জানায়, গত সোমবার রাত দেড়টার দিকে পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকা থেকে মাবিয়া আক্তার (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মাবিয়া স্থানীয় একটি স্কুল থেকে জুনিয়র সার্টিফিকেট স্কুল (জেএসসি) পরীক্ষা দিচ্ছিল। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।